প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রযুক্তির সহায়তায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আধুনিক ও সহজতর করার লক্ষ্যে ‘পরীক্ষাদাও এআই’ (Porikkhadaw AI) নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন ফটিকছড়ির সন্তান মো. জালাল উদ্দিন, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণ প্রযুক্তি উদ্যোক্তা। এই তরুণের উদ্ভাবিত অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। এতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা এবং স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
জালাল উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের বদিউল আলমের পুত্র।
অ্যাপটির মাধ্যমে সরকারি চাকরিপ্রার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। এতে অসংখ্য মডেল টেস্টে অংশগ্রহণ, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, পড়াশোনার সময় ও অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ রয়েছে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রশ্ন, সময় ও কঠিনতার মাত্রা নির্ধারণ করে ব্যক্তিগত অনুশীলনী পরীক্ষাও তৈরি করতে সক্ষম হবেন।
চাকরিপ্রার্থীদের জন্য অ্যাপটিতে চাকরির বিজ্ঞপ্তি দেখা, সরাসরি আবেদন এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুবিধা রয়েছে। পরীক্ষার তারিখ, প্রবেশপত্র সংগ্রহসহ প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানানো হবে।
এছাড়া ধারাবাহিক প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাই করা এবং সহপাঠীদের সঙ্গে ছবি, ফাইল ও কণ্ঠবার্তা আদান-প্রদানের সুযোগও রয়েছে। ফলে পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও শেখার পরিবেশ তৈরিতে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নির্মাতা জালাল উদ্দিন জানান, বর্তমানে অ্যাপটির বেশ কিছু সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের চাহিদা ও অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁর।
বিশেষ অফার হিসেবে অ্যাপটি ১৫ মাস বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে নিবন্ধিত ব্যবহারকারীরা তাঁর সঙ্গে যোগাযোগ করে এ সুবিধা নিতে পারবেন। নতুন ব্যবহারকারীরা নির্ধারিত প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। ব্যক্তিগত আমন্ত্রণ লিংকের মাধ্যমে নতুন ব্যবহারকারী যুক্ত হলে আমন্ত্রণকারীও অতিরিক্ত বিনামূল্যে ব্যবহারের মেয়াদ পাবেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এ বিষয়ে বলেন, তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত উদ্ভাবন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফটিকছড়ির একজন শিক্ষার্থীর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, "আমরা চাই, তরুণরা নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসুক।"
একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠা এ উদ্যোগ ফটিকছড়ির তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের প্রস্তুতিকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে ‘পরীক্ষাদাও এআই’ নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন