প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত শ্রীলঙ্কাকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে, যা যক্ষ্মা রোগীদের চিকিৎসা অব্যাহত রাখতে এবং ওষুধের ঘাটতি রোধে সহায়ক হবে। ডেইলি মিরর জানাচ্ছে, মঙ্গলবার (৭ অক্টোবর) কলম্বোয় শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই ওষুধগুলো হস্তান্তর করা হয়।
ভারতের হাইকমিশনার সন্তোষ ঝা শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসার কাছে ওষুধগুলো তুলে দেন। অনুষ্ঠানে শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম উপমন্ত্রী ডা. হানসাকা উইজেমুনিও উপস্থিত ছিলেন।
ভারত শ্রীলঙ্কা সরকারের অনুরোধে এই সহায়তা প্রদান করেছে। দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ওষুধ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতের পাঠানো চালানে প্রায় তিন টন যক্ষ্মার ওষুধ রয়েছে, যার মধ্যে ১৫ লাখের বেশি ট্যাবলেট রয়েছে। এই ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার টাকার সমান।
এই ওষুধগুলো যক্ষ্মার প্রাথমিক পর্যায়ের চিকিৎসায় ব্যবহৃত হবে। আশা করা হচ্ছে, এগুলো শ্রীলঙ্কার রোগীদের চিকিৎসা চালু রাখতে এবং সরবরাহের ঘাটতি মোকাবেলায় সহায়তা করবে। চলতি বছরের আগস্ট মাসে, ভারত শ্রীলঙ্কাকে ৫০০ লিটার ম্যালাথিয়ন কীটনাশক দিয়েছিল, যা ডেঙ্গু মোকাবেলায় সহায়ক ছিল। এই সহায়তাও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে দেওয়া হয়েছিল।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সহযোগিতা বিদ্যমান রয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত সহায়তা প্রদান করে আসছে।
এছাড়া, জরুরি পরিস্থিতি ও দ্রুত চিকিৎসাসহায়তার প্রয়োজন হলে ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন