প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে। আটক ব্যক্তিরা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতারা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকাল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি শুরু করেন। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত থাকার তথ্য পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এরপর তারা ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেন। আটককৃতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং একই হল শাখার শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন মন্তব্য করেন, "আমরা অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে পেয়েছি। তারা বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর তাদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন