প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:৩৬ এম || প্রকাশের তারিখঃ ২৪শে অক্টোবর, ২০২৬ইং; ১২:১৪ পি.এম
নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি নেতা জাহিদুর রহমান মিঠু। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভরতকাঠি থেকে শুরু হওয়া এ গণসংযোগ রাজবাড়ী বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
গণসংযোগ চলাকালে বিভিন্ন বাজারে মোটরসাইকেল থামিয়ে স্থানীয় ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন মিঠু। এ সময় উপস্থিত সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এ গণসংযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান মিঠু বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন ভাইয়ের গুয়ারেখা ইউনিয়নের প্রতি বিশেষ সুদৃষ্টি রয়েছে। আমার পরিবার বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির সঙ্গে সম্পৃক্ত। দলের প্রতি আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের অবদান এবং জনগণের সমর্থন বিবেচনায় নিলে আমি আশা করি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুয়ারেখা থেকে দলীয় মনোনয়ন পাব।”
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গুয়ারেখা ইউনিয়নে মিঠুর পারিবারিক রাজনৈতিক পরিচিতি রয়েছে। তাঁর বাবা মরহুম মাস্টার হাবিবুর রহমান ছিলেন গুয়ারেখা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে স্থানীয় রাজনীতিতে তাঁদের পরিবারের পরিচিতি রয়েছে বলে জানান স্থানীয়রা।
মিঠুর বোন শামসুন্নাহার কাকলী পিরোজপুর জেলা মহিলা দলের সহসভাপতি। তাঁর স্ত্রী তাইয়্যেবা সুলতানা খুশি পিরোজপুর জেলা মহিলা দলের সহ-শিল্পবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততাও তাঁর রাজনৈতিক পরিচিতির অন্যতম দিক।
দলীয় সূত্রে জানা গেছে, জাহিদুর রহমান মিঠু ২০২৬ সালের গুয়ারেখা ইউনিয়ন ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এ অবস্থায় মিঠুর গণসংযোগকে তাঁকে ঘিরে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন অনেকে।
গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান মিঠু এখন জনসমর্থন ও দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত বিএনপি কাকে মনোনয়ন দেয়, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে তার সমর্থকদের দাবি, সার্বিক দিক বিবেচনায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান মিঠু আলোচনার শীর্ষে অবস্থান করছে। গুয়ারেখা ইউনিয়নবাসী আগামী নির্বাচনে জাহিদুর রহমান মিঠুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"