প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হুতি গোষ্ঠী দাবি করেছে যে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। হামলার মধ্যে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহও অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট অভিযানটিকে ‘বিশেষ অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও অন্যান্য পণ্য চোরাচালানের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া রাজধানী সানা, সা'দা এবং তাইজ প্রদেশেও বিমান হামলা পরিচালনা করা হয়েছে।
হামলার পূর্বে হুতিরা সতর্ক করে দিয়েছিল যে, হুদাইদাহ বন্দরে আঘাত এলে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরে পাল্টা হামলা করা হবে। এর মধ্যে জেদ্দা বন্দরও রয়েছে। একইসাথে, সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছিল।
হুতিরা সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দিয়েছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানান, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অন্য এক পোস্টে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলে তিনি জানান।
এদিকে, হামলার পর ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন