প্রিন্ট এর তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:৪৮ এম || প্রকাশের তারিখঃ ২৪শে জুন, ২০২৬ইং; ০৭:০২ পি.এম
বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাঁদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদুল শেখ করচাঁদপুর গ্রামের মো. রফিক শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পানির মোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন রাশিদুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাশিদুল দীর্ঘদিন ধরে ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ, আব্দুর রব তালুকদার জানান, ঘটনাটি আমরা জানতে পেরে আইনগত প্রক্রিয়া শুরু করেছি এবং এটা চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"