প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে ১২০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। মহানগরীর ১১৯টি পূজামণ্ডপে ঝুঁকি ও গুরুত্বের ভিত্তিতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার দুপুরে ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে কেএমপি কমিশনার উল্লেখ করেন, দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কেএমপির পক্ষ থেকে এই উৎসব যেন শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সেই লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে ১২০০-এর বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে থেকেই প্রস্তুতি, নজরদারি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম চলছিল।
কেএমপি কমিশনার আরও জানান, এ বছর খুলনা মহানগরীতে মোট ১১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ৫৩টি অধিক গুরুত্বপূর্ণ, ৫০টি গুরুত্বপূর্ণ, ১৩টি সাধারণ এবং তিনটি পারিবারিক পূজামণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূজামণ্ডপের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় তিন স্তরে বিভক্ত করে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
নিরাপত্তাব্যবস্থার বিষয়ে তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত পুলিশি টহল, চেকপোস্ট, নিরাপত্তা দল, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, স্ট্যান্ডবাই পুলিশ টিম এবং তদারকি দল দায়িত্ব পালন করছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মো. সাজ্জাদুর রহমান বলেন, ইতোমধ্যে খুলনা মহানগরীতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত এ আনন্দঘন পরিবেশ বজায় রাখতে কেএমপির নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি পূজামণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন