প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা–মাওয়া মহাসড়ক ও ঝিলমিল সড়কের দুই পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
আজ শনিবার (২০ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল ও তেঘরিয়া আন্ডারপাস-সংলগ্ন ঢাকা–মাওয়া মহাসড়ক এলাকার মধ্যে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন নিপুণ রায় চৌধুরী। এ সময় সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে বর্জ্যের স্তূপ জমে থাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়ে গিয়েছিল। এতে পরিবেশদূষণের পাশাপাশি জনদুর্ভোগও সৃষ্টি হচ্ছিল। পরিচ্ছন্নতা অভিযানের ফলে এখন রাস্তার পরিবেশ ও সৌন্দর্য ফিরে এসেছে।
পরিষ্কার অভিযান শেষে নিপুণ রায় চৌধুরী বলেছেন, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হলে এটি শুধু প্রকৃতির ক্ষতি সাধন করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
তিনি আরো বলেন, শুধু ময়লার স্তূপ অপসারণ করলেই চলবে না, ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় বর্জ্য ফেলা না হয়, সে ব্যাপারে প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে। রাস্তার পাশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন