প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
একইসাথে মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, এসিল্যান্ড, এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংসদ সদস্য জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করা হয়।
বৈঠকে হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নামজারি প্রক্রিয়াকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার সুপারিশ করা হয়। একই সঙ্গে ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশও করা হয়েছে।
এছাড়া অবৈধ দখলকারীদের অবস্থান নিশ্চিত করতে জেলা-ওয়ারী অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজা মূল্য নির্ধারণ এবং দীর্ঘদিন ধরে চলমান মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির পক্ষ থেকে একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মতো অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং সিস্টেমে তথ্যের সমন্বিত কর্মপরিকল্পনা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
উপজেলা ও পৌর এলাকা এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, স্থাবর সম্পত্তির হস্তান্তর মূল্য বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করাসহ জমি হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন ফি ও গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করা হয়।
ভূমির মালিকানা সংক্রান্ত গুরুতর সামাজিক সংঘাতের নিরসন, ন্যায্য ও স্বচ্ছ ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা এবং ভূমি প্রশাসন প্রতিষ্ঠা, নাগরিকবান্ধব ভূমি সেবা সুদৃঢ় করার উদ্দেশ্যে বিদ্যমান প্রচলিত পদ্ধতির ভূমি প্রশাসন ব্যবস্থাপনাকে একটি সমন্বিত ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থায় রূপান্তরিত করার সুপারিশ করা হয়।
'বাংলাদেশ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ একাডেমি স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য আধুনিক ও স্থায়ী প্রশিক্ষণ একাডেমি স্থাপনের লক্ষ্যে খাসজমি নির্বাচনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন