প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন চাকরিপ্রত্যাশীসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে বিভিন্ন ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায় এবং ভুয়া নিয়োগপত্র বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে প্রচারিত এসব নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগপত্রের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণরূপে ভুয়া এবং প্রতারণামূলক।
প্রতিষ্ঠানটি এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ে কাউকে অর্থ প্রদান না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক হিসাবের তথ্য কিংবা অন্য কোনো সংবেদনশীল তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সব নিয়োগ কার্যক্রম সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) এবং অনুমোদিত গণমাধ্যমে প্রকাশ করা হয়। নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।
এছাড়া প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চাকরিপ্রত্যাশীসহ সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন