প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ব্যাংকিং খাতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ঋণ ও বিনিয়োগের ঝুঁকি কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ।
তিনি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা জোরদারের ওপর বিশেষভাবে গুরুত্ব দেন। আজ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এসবিএসি ব্যাংক পিএলসি আয়োজিত বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনটি ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের জন্য মুনাফা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আমানতকারীদের স্বার্থ রক্ষা করা সমানভাবে জরুরি। তিনি উল্লেখ করেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা এবং তদারকি জোরদারের মাধ্যমে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
তিনি ঋণ বিতরণে নির্দিষ্ট গ্রুপ, খাত বা অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা পরিহার করতে এবং ঝুঁকিভিত্তিক তদারকি কার্যক্রম যথাযথভাবে পরিচালনার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে এস এম মঈনুল কবীর বলেন, ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগ টেকসই হতে পারে না। ব্যাংকিং খাতের প্রতিটি কার্যক্রমে ঝুঁকি বিদ্যমান। তাই যথাযথ প্রক্রিয়ায় এসব ঝুঁকি চিহ্নিত ও মূল্যায়নের পাশাপাশি তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তিনি।
এসবিএসি ব্যাংকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি কার্যক্রমে কমপ্লায়েন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা ও মূলধন পর্যাপ্ততা সংরক্ষণে কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে। এর মাধ্যমে গ্রাহকের আস্থা ও ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।
এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সাগুফতা ইকবাল।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন