প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১০ লাখ টাকা চাঁদা দাবি পূরণ না করায় রাঙামাটি শহরের উপকণ্ঠে একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাগানমালিকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চাঁদার দাবিতে ফলন্ত গাছ কেটে দেওয়ার এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১ আগস্ট ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল হামিদ রানা ও মহাসচিব মোহাম্মদ সোলায়মান এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অপহরণ, চাঁদার দাবিতে মারধরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
তারা বলেন, *চাঁদার দাবি পূরণ না করায় ব্যক্তিমালিকানাধীন বাগানের শত শত ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।* এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
পিসিএনপির নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সকল সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের রায়ে নবনির্বাচিত সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও পাহাড়ি সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছে সংগঠনটি। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান পরিচালনার মাধ্যমে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনারও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, অনতিবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পার্বত্য চট্টগ্রামের ভুক্তভোগী জনগণকে সঙ্গে নিয়ে পিসিএনপি কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন