প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছিল বলে জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাঠিসোঁটা নিয়ে বাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ সেখানে যেতে পারছিল না।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় তাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি জানায়, তাদের মধ্যে দুজন গুরুতর আহত। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা ৬টার দিকে ঘটনার সূত্রপাত ঘটে। প্রথমে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এর জবাবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দফায় দফায় সংঘর্ষ ঘটে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং এ সময় তারা মশাল মিছিলও করেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সি অভিযোগ করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুরুষ ও নারী নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাটি দখলে রেখেছেন। সেখানে পুলিশও প্রবেশ করতে পারছে না। তারা বিদ্যুতের লাইনও কেটে দিয়েছে। ইটপাটকেল ছুড়ছে। আমাদের কিছু নেতাকর্মী সেখানে অবরুদ্ধ হয়ে আছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আমাদের ১৫-২০ জন আহত হয়েছেন। দুজন গুরুতর আহত। দোকানপাট ভাঙচুর ও লুটপাট হয়েছে, মোটরসাইকেলও পোড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা বলতে পারছি না।’
তিনি আরও বলেন, চরমোন্তাজ তদন্তকেন্দ্রে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যেতে পারছে না।
চরমোন্তাজ তদন্তকেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। অন্ধকার ও ইটপাটকেল নিক্ষেপের কারণে সামনে এগোনো যাচ্ছে না। প্রথমে বিএনপির লোকজন একটি শোডাউন দেয়। পরে আওয়ামী লীগের লোকজনও শোডাউন দেয়। এ নিয়েই ঘটনার সূত্রপাত।’
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘দুই পক্ষ দুই জায়গায় অবস্থান নিয়েছে। কেউ এলাকা ছাড়ছে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন