প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে বিএনপি নেতার নেতৃত্বে পর্তুগাল প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগম, ভাই ইকবাল হোসেন, নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর এবং স্থানীয় বাসিন্দা তানভীর আহমেদসহ চারজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের সদস্যরা সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের জন্য অবস্থান করছিলেন। এর আগে রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করলেও ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক লোক পাল্টা হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, পর্তুগাল প্রবাসী এমলি খান সবুজ ও শাহজাহান সিরাজের মধ্যে পর্তুগালের ভিসা নিয়ে এক বছরের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শাহজাহান সিরাজের ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এমলি খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
হামলাকারীরা ওই প্রবাসীর ঘরে থাকা সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার এবং ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়দের চিৎকার শুনে এসে সাখাওয়াত হোসেন শুভ, তাঁর সহযোগী পুলক এবং ইকবাল হোসেনকে আটক করেন স্থানীয়রা।
এ খবর পেয়ে ফাজিলপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক লোকজন পাল্টা হামলা চালিয়ে স্থানীয়দের হাতে আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। তবে বিএনপি নেতা শাহজাহান সিরাজ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার দুই ছেলেকে পর্তুগাল পাঠানোর জন্য এক বছর আগে ২০ লাখ টাকা দিয়েছিলাম। সেই টাকা চাইতে গিয়ে আমার ছেলে ও তার দুই বন্ধু আহত হন। খবর পেয়ে পিতা হিসেবে আমি আমার দুই ছেলেকে ছাড়িয়ে এনেছি।"
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন