প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য রাশিয়ার কাছে সব ধরনের উপায় ব্যবহারের অধিকার রয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন যে, কিছু বিশেষ পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাধ্যবাধকতা তৈরি হতে পারে।
মেদভেদেভ সোমবার প্রকাশিত একটি নিবন্ধে অভিযোগ করেন যে, ইউক্রেন এবং ন্যাটো সদস্য দেশগুলো এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে রাশিয়া পারমাণবিক হামলার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
তবে তিনি উল্লেখ করেন যে, ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের "সরাসরি প্রয়োজনীয়তা" এখনও সৃষ্টি হয়নি।
মেদভেদেভ বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন "সব ধরনের পরিস্থিতি ও উপাদান বিশদভাবে বিশ্লেষণ" করেন। এছাড়া সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রার সঙ্গে পাল্টা পদক্ষেপের সামঞ্জস্যও বিবেচনায় নেওয়া হয়।
তিনি আরও বলেন, "এটা স্পষ্ট যে, এখন পর্যন্ত ইউক্রেন সংকটের গতিপ্রকৃতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজনীয়তা তৈরি করেনি।"
নিবন্ধে ১৯৯৬ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া পারমাণবিক অস্ত্রের বৈধতা সংক্রান্ত পরামর্শমূলক মতামতের উল্লেখ করেন মেদভেদেভ। তার দাবি, ওই মতামতে এমন পরিস্থিতির সুযোগ রাখা হয়েছে, যেখানে কোনো পারমাণবিক রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। সে ক্ষেত্রে আত্মরক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক আইনে সরাসরি নিষেধাজ্ঞা নেই।
তিনি দাবি করেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না এবং কোনো আন্তর্জাতিক আইনি ব্যবস্থার লঙ্ঘনও হবে না।
মেদভেদেভ আরও বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিতে আগাম হামলার বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে প্রকাশ্যে বা গোপনে পারমাণবিক অস্ত্র সরবরাহ করে, তাহলে মস্কো আগাম পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।
তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিমালায় নির্ধারিত শর্ত পূরণ হলে রাষ্ট্রপ্রধানের সামনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি কেবল অধিকার হিসেবে নয়, বরং বাধ্যবাধকতা হিসেবেও দেখা দিতে পারে।
মেদভেদেভ হুঁশিয়ারি দেন, "কিয়েভ ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো বিপজ্জনক ভুল ধারণা পোষণ করা উচিত নয়।"
এদিকে, জার্মানি ও ন্যাটোর পারমাণবিক প্রতিরোধব্যবস্থায় যুক্ত হওয়ার প্রচেষ্টারও সমালোচনা করেন মেদভেদেভ। তার মতে, ন্যাটোর পারমাণবিক অস্ত্র ভাগাভাগির ব্যবস্থা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সর্বজনস্বীকৃত ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, এ ধরনের পদক্ষেপ চুক্তিটির কার্যকারিতা দুর্বল করছে।
মেদভেদেভ অভিযোগ করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, যদিও তেহরান এ চুক্তির প্রতি অঙ্গীকার বজায় রেখেছে।
তার মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈতনীতি ও ভূরাজনৈতিক স্বার্থের প্রতিফলন ঘটছে।
সূত্র: আনাদোলু
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন