প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল-২ এর রেজিস্টার শাহীন আহমেদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তির প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা বা ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ট্রাইব্যুনাল-৩ এর চেয়ারম্যানের দফতর বরাবর অভিযোগ দায়ের করেছেন অ্যাডভোকেট এএসএম আলী হায়দার দীপু।
অ্যাডভোকেট আলী হায়দার দীপু ‘টেকনো ড্রাগস লিমিটেড’ নামক একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান করছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ‘টেকনো ড্রাগস লিমিটেড’র ৪৫ জন কর্মচারী বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকার শ্রম আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ গ্রহণ করে। ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রথম কিস্তিতে, ২৪ আগস্ট ২০২৬ তারিখে দ্বিতীয় কিস্তিতে এবং সর্বশেষ ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তৃতীয় কিস্তিতে শ্রমিকদের সকল দেনা-পাওনা পরিশোধ করা হয়। শ্রমিকরা সমস্ত অর্থ গ্রহণ করেছেন বলে লিখিতভাবে জানিয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী তাদের মামলা প্রত্যাহারের কথা রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে রেজিস্ট্রার শাহীন আহমেদ অনৈতিক সুবিধা দাবি করেন। তিনি বারবার বলেন যে, তাকে ‘ম্যানেজ’ না করলে মামলা নিষ্পত্তি হবে না। এমনকি আদালত তাকে মামলা নিষ্পত্তির ক্ষমতা দিয়েছে বলে দাবি করে তিনি নিষ্পত্তির কাজের জন্য কমিশন দাবি করেন।
অ্যাডভোকেট এ এস এম আলী হায়দার দীপুর অভিযোগ অনুযায়ী, ২৮ জুলাই ও ২৪ আগস্ট শ্রমিকদের অর্থ পরিশোধের সময় রেজিস্টার শাহীন আহমেদ কোনো প্রকার তথ্য ছাড়া হাইকোর্ট এলাকা ও সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত ছিলেন। অভিযোগকারী সিসিটিভি ফুটেজ যাচাই করলে এর সত্যতা পাওয়া যাবে বলে উল্লেখ করেন। এছাড়া, নিষ্পত্তির নামে শাহীন আহমেদ ৫ লাখ টাকা দাবি করেন এবং একাধিকবার আইনজীবীর চেম্বারে গিয়ে টাকার জন্য চাপ দেন।
শ্রমিকদের পাওনা পরিশোধের পরও রেজিস্টার শাহীন আহমেদ ক্ষমতার অপব্যবহার করে এক মাস আগে এবং সর্বশেষ গত ১৮ নভেম্বর রাতে টেকনো ড্রাগস লিমিটেডের এইচআর বিভাগে ফোন করেন। যদিও দুই মাস আগে নিষ্পত্তি হয়ে যাওয়া তৃতীয় শ্রম আদালতের মামলাগুলো নিষ্পত্তির কথা বলে শাহীন আহমেদ প্রতিষ্ঠানের মালিক আরেফিন রাফি আহমেদের সঙ্গে যোগাযোগ করতে চান। এইচআর বিভাগ থেকে প্রতিষ্ঠানের অনুমোদিত আইনজীবীর (অভিযোগকারীর) সঙ্গে যোগাযোগের কথা বলা হলেও তিনি ৪৫টি মামলা নিষ্পত্তির অজুহাতে মালিকের সঙ্গেই কথা বলতে চেয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য শাহীন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। পরিচয় উল্লেখ করে ফোন দিলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, ‘স্যার ওয়াশ রুমে আছেন। তিনি বের হলে আপনাকে (প্রতিবেদক) কলব্যাক করতে বলবো।’ তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত রেজিস্ট্রার শাহীন আহমেদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন