প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধের জন্য দণ্ডিত জেফরি এপস্টিনের মৃত্যু আত্মহত্যা ছিল না, বরং তাকে হত্যা করা হয়েছিল—এমন দাবি করেছেন তিনজন বিশেষজ্ঞ। তাদের প্রকাশিত এক নতুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এপস্টিনের শরীরে পাওয়া আঘাতের ধরন আত্মহত্যার চেয়ে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের ঘটনার সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের চিকিৎসা পরীক্ষকের দেওয়া আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এপস্টিনের মৃত্যুর প্রায় সাত বছর পর নতুন এই প্রতিবেদন ঘটনাটিকে নতুন করে আলোচনায় এনেছে।
আলজাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে আসা নথিতে দেখা যায়, তিন বিশেষজ্ঞ মাইকেল ফ্রিম্যান, অ্যান্ডার্স এরিকসন ও ইটিয়েল ড্রর এপস্টিনের মৃত্যুসংক্রান্ত ছবি ও নথিপত্র বিশ্লেষণ করেছেন। তাদের মধ্যে একজন ফরেনসিক বিজ্ঞানী, একজন ফরেনসিক প্যাথলজিস্ট এবং অন্যজন জ্ঞানীয় বিজ্ঞানের বিশেষজ্ঞ।
প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন, এপস্টিনের শরীরে পাওয়া আঘাতের ধরন, অবস্থান এবং সংখ্যা আত্মহত্যার মাধ্যমে ফাঁসিতে ঝোলার ব্যাখ্যার সঙ্গে মেলে না। তাদের ভাষায়, এসব আঘাত ‘হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করার ঘটনার সঙ্গেই সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ’ বলে মনে হচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণা, প্রথমে এপস্টিনকে মারধর করা হয়েছিল এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য ২০১৯ সালে চিকিৎসা পরীক্ষকের দেওয়া মৃত্যুর কারণসংক্রান্ত সিদ্ধান্তের বিকল্প ব্যাখ্যা তুলে ধরেছে।
এপস্টিনের মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও নানা ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। ধনাঢ্য ব্যবসায়ী এপস্টিনের সঙ্গে রাজনীতি, শিল্প, শিক্ষাঙ্গন ও বিনোদনজগতের প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার পরিচিতদের তালিকায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে।
এসব প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের কারণে এপস্টিনের অপরাধ আড়াল করার চেষ্টা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সহযোগীদের কেউ কেউ অপরাধের বিষয়ে জানতেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে ছিলেন কি না, সে প্রশ্নও রয়েছে।
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্কের উদ্দেশ্যে প্রস্তাব দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন এপস্টিন। একটি সমঝোতার আওতায় তাকে ১৩ মাস কারাগারে থাকতে হয়েছিল। পরে ২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে তাকে আবার গ্রেপ্তার করা হয়। ওই সময় কৌঁসুলিরা অভিযোগ করেন, তিনি অসংখ্য অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নিপীড়ন ও শোষণ করেছেন।
মামলার বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় নিউ ইয়র্ক শহরের একটি কারাগারে তার মৃত্যু ঘটে।
মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক
এপস্টিনের লাশের ময়নাতদন্ত করেন চিকিৎসা পরীক্ষক ক্রিস্টিন রোমান। পরে নিউ ইয়র্ক শহরের প্রধান চিকিৎসা পরীক্ষক বারবারা স্যাম্পসনের সঙ্গে তিনিও সিদ্ধান্ত দেন, এপস্টাইনের মৃত্যু ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কারণে হয়েছে।
অন্য কয়েকজন বিশেষজ্ঞও ওই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। তাদের বক্তব্য, এপস্টিনের মৃত্যুর পরিস্থিতি অস্বাভাবিক হলেও তা আত্মহত্যার সম্ভাবনাকে নাকচ করে না।
তবে এপস্টিনের ভাই মার্ক দীর্ঘদিন ধরেই চিকিৎসা পরীক্ষকদের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন। তিনিই যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যভিত্তিক ফরেনসিক বিজ্ঞানী মাইকেল ফ্রিম্যানকে এপস্টিনের মৃত্যুসংক্রান্ত নথি পর্যালোচনার সুযোগ দেন।
ফ্রিম্যান বিভিন্ন মামলায় পরামর্শক হিসেবে কাজ করেছেন। এসব মামলায় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া মৃত্যুর ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর মধ্যে জর্জ ফ্লয়েড হত্যার মতো আলোচিত মামলাও রয়েছে।
অন্যদিকে অ্যান্ডার্স এরিকসন সুইডেনভিত্তিক ফরেনসিক প্যাথলজিস্ট। শিশুদের ঝাঁকানোর কারণে মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগসংক্রান্ত ‘শেকেন বেবি সিনড্রোম’ নিয়ে তিনি গবেষণা করেছেন। ছোট শিশুদের ওপর নির্যাতনের অভিযোগে প্রাপ্তবয়স্কদের বিচারের ক্ষেত্রে এই বিতর্কিত রোগনির্ণয় পদ্ধতি ব্যবহার করা হয়।
ফ্রিম্যান ও এরিকসনের সঙ্গে কাজ করেছেন জ্ঞানীয় বিজ্ঞানের বিশেষজ্ঞ ইটিয়েল ড্রর। ফরেনসিক বিজ্ঞানে পক্ষপাত কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা করেন তিনি।
ড্ররের মতে, এপস্টিন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার মৃত্যুর তদন্তকারীরা ব্যাপক রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন। আলজাজিরাকে তিনি বলেন, ‘লাশ পরীক্ষার ক্ষেত্রে এটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা স্পষ্ট।’
ড্রর আরো বলেন, এ ঘটনায় অনেক মানুষের আবেগ, স্বার্থ ও রাজনীতি জড়িয়ে ছিল। এসব বিষয় বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে এবং তদন্তকারীদের প্রভাবিত করেছে।
তিনি জানান, তারা এপস্টিনের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট ছবি ও নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। তাদের মূল্যায়ন, চিকিৎসা পরীক্ষক ভুলভাবে মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেছিলেন।
প্রাথমিক তদন্তে যেসব অসংগতি
তিন বিশেষজ্ঞ তাদের প্রতিবেদনে প্রাথমিক তদন্তের বেশ কিছু ত্রুটির কথা তুলে ধরেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, কারাগারের যেসব কর্মী প্রথম এপস্টিনের লাশ দেখতে পান, তারা লাশ সরানোর আগে কোনো ছবি তোলেননি। এ ছাড়া তার গলায় যে বস্তুটি প্যাঁচানো ছিল, অর্থাৎ শ্বাসরোধে ব্যবহৃত ফাঁস বা বাঁধনটি কী ছিল, তা-ও তদন্তকারীরা শনাক্ত করতে পারেননি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, তদন্তের কিছু গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। প্রথম যে কারারক্ষী এপস্টিনের লাশ দেখতে পেয়েছিলেন, তিনি শুরুতে তদন্তকারীদের সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান। অন্যদিকে আত্মহত্যার সিদ্ধান্ত দেওয়া চিকিৎসা পরীক্ষককে কারাগার পরিদর্শনের অনুমতিও দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এপস্টিনের শরীরের আঘাতের বিষয়ে চিকিৎসা পরীক্ষকের মূল্যায়নের সঙ্গেও একমত নন তিন বিশেষজ্ঞ। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, এপস্টাইনের গলায় ফাঁসের যে দাগ ছিল, তা তির্যক ছিল না। অথচ তার কক্ষের বিছানার খুঁটির সঙ্গে ঝুলে থাকলে গলায় এ ধরনের দাগ তির্যক হওয়ার কথা।
এ ছাড়া এপস্টিনের পিঠ, কাঁধ ও ঘাড়ে কালশিটে দাগ দেখতে পেয়েছেন তারা। তাদের দাবি, চিকিৎসা পরীক্ষকের প্রাথমিক বক্তব্যে এসব আঘাতের কথা উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব আঘাত ‘পেছন দিক থেকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করার ঘটনার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ’। এ ক্ষেত্রে সরু ও গিঁট দেওয়া কাপড়ের ফাঁস ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
ফ্রিম্যান, এরিকসন ও ড্ররের মতে, এপস্টিনের লাশ প্রথম দেখতে পাওয়া কারারক্ষী হয়তো লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন। অথবা আত্মহত্যার ঘটনা বলে মনে করানোর জন্য কেউ ইচ্ছাকৃতভাবে লাশটি ঝুলন্ত অবস্থায় রেখেছিল।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন