প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সোজা কথা সোজাভাবে বলার জন্য সঞ্জয় মাঞ্জরেকারের জুড়ি নেই ভারতীয় ক্রিকেটের মধ্যে। এ নিয়ে কখনো ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েছেন, আবার কখনো সহকর্মীদেরও চটিয়েছেন।
এমনকি সাবেক এই ব্যাটার এবং ধারাভাষ্যকারের কড়া মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে কয়েক বছর কথা বন্ধ রেখেছিলেন ভারতীয় স্পিন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। তবে দিনশেষে সেই কঠোর সমালোচনা ভিন্নভাবে অশ্বিনের ক্যারিয়ারে পরিবর্তন নিয়ে এসেছিল।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই অফস্পিনার সম্প্রতি নিজে থেকে প্রকাশ্যে এনেছেন সেই পুরোনো স্মৃতি। ২০১১-১২ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার সময় মাঞ্জরেকারের একটি কলাম অশ্বিনের চোখে পড়ে।
যেখানে সরাসরি তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে কড়া সমালোচনা করেছিলেন মাঞ্জরেকার। সেটি পড়ে অশ্বিন স্বাভাবিক ভাবেই চটে যান। কিন্তু সেই ক্ষোভ ভেতরে পুষে না রেখে নিজের দুর্বলতা কাটানোর জ্বালানি হিসেবে ব্যবহার করেন।
পরবর্তী সময়ে নিজের সেই উপলব্ধি নিয়ে একটি অনুষ্ঠানে অশ্বিন জানান, ‘অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে তার পুরো নিবন্ধটি পড়ে খুব রাগ হয়েছিল, খারাপও লেগেছিল।’
‘কিন্তু আমি কথা না বলে কাজ করে দেখানোর সিদ্ধান্ত নিই। পরের চার বছর শরীর নিংড়ে পরিশ্রম করেছি, কারণ জন্মগতভাবে আমি কোনো জন্মজাত অ্যাথলেট ছিলাম না।’
কঠোর পরিশ্রমের ফল দ্রুত মিলতে থাকে। ২০১৫ সালে অশ্বিনের ধারালো বোলিং দেখে মাঞ্জরেকার আবারও কলাম লেখেন, তবে এবার প্রশংসামূলক। অশ্বিন যোগ করেন, ‘প্রশংসামূলক লেখাটি দেখার পর আমি সঞ্জয় ভাইয়ের নম্বর জোগাড় করে মেসেজ দিই।
বলেছিলাম—আপনার সেই পুরোনো কলামটিই আসলে আমার জীবন বদলে দিয়েছিল। কড়া সমালোচনা থেকেও যে ইতিবাচক কিছু শেখা যায়, আমি সবসময় সেটাই খোঁজার চেষ্টা করি।’
টেস্ট ক্রিকেটে ভারতকে অপরাজেয় শক্তিতে পরিণত করার অন্যতম কারিগর ছিলেন অশ্বিন। তার ১০৬ টেস্ট ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে ২৪ গড়ে ৫৩৭টি উইকেট ঝুলিতে রয়েছে। রঙিন পোশাকে ১১৬ ওয়ানডেতে ১৫৬ উইকেট এবং ৬৫টি টি-টোয়েন্টিতে ৭২ উইকেট শিকার করেছেন।
শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখিয়েছেন অশ্বিন। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তার ৬টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটিসহ মোট ৩ হাজার ৫০৩ রান এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন