প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘটে যাওয়া একটি ডাকাতির ঘটনায় তিনটি পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে রাখা হয়েছে। একই বিল্ডিংয়ে বসবাসকারী এই তিন পরিবারকে লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করা হয়।
ঘটনাটি সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কড়লডেঙ্গায় সংঘটিত হয়।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ৬-৭ জনের একটি ডাকাতদল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় আমুচিয়া শাহ মজিদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ, রাবার বাগানের শ্রমিক জিয়াউর রহমান এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক নুরুল আবছার রুবেলের পরিবারের সদস্যদের জিম্মি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতেরা সোনার দুটি চেইন, দুই জোড়া সোনার কানের দুল, একটি সোনার নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রূপার নুপুর, পাঁচটি অ্যানড্রয়েড মোবাইল ফোন, ৪১ হাজার টাকা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায়।
শিক্ষিকা সাদিয়া আফরোজ বলেন, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জিম্মি করে। পরে আমার স্বামী শরিফুল ইসলামসহ পাঁচজনকে হাত ও চোখ বেঁধে মারধর করা হয়। ডাকাতেরা আমাদের কাছে থাকা সোনা, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।
অটোরিকশাচালক নুরুল আবছার রুবেল জানান, ডাকাতরা প্রথমে রান্নাঘরের জানালার গ্রিল কাটে। এরপর ১২ বছর বয়সী এক শিশুকে দিয়ে পেছনের দরজা খুলে ঘরে প্রবেশ করে। পরে গলায় ধারালো ছুরি ধরে তাকে বেঁধে ফেলে। ডাকাতেরা আমাদের তিন পরিবারের সদস্যদের হাত বেঁধে রাখে এবং ঘরে থাকা ২৫ হাজার টাকা ও তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায়।
জিয়াউর রহমানের স্ত্রী ঝর্ণা আক্তার বলেন, ডাকাতরা তার এক বছরের শিশুকে কেড়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে কান্নাকাটি করে শিশুটিকে উদ্ধার করেন তিনি।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, রাতে উত্তর কড়লডেঙ্গায় একটি ঘটনা ঘটেছে। এটি চুরি নাকি ডাকাতির ঘটনা, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন