প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান স্ত্রীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটি বিশেষ ও পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে বলেছেন, "আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি সহধর্মিনী হিসেবে এসেছেন। তাই স্ত্রীকে যথাযথ মর্যাদা দিতে হবে, তাকে কোনোভাবেই পেটানো বা নির্যাতন করা যাবে না।"
তিনি এসব কথা বলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকালে আয়োজিত মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে।
রাশেদ খান সামাজিক মূল্যবোধ ও পারিবারিক শান্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন জরুরি। স্ত্রীকে হীন চোখে না দেখে ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে একটি আদর্শ পরিবার ও সমাজ গঠন করতে হবে।
তিনি মাদক ও বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরে আরও বলেন, "মাদক মানুষকে ধ্বংস করে দেয়। এর ভয়াবহতা রোধ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"
এ সময় জামাল ইউনিয়নে সব ধরনের মাদকের কেনাবেচা ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে তিনি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "আজ থেকে এই ইউনিয়নে মাদক ব্যবসা ও সেবন পুরোপুরি বন্ধ। এরপরও যদি কেউ মাদকের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট থাকে, তবে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুলফিকার আলী, স্থানীয় বিএনপি নেতা আব্দুল হামিদসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। বক্তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন