প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবিজি স্পোর্টস সিটির আনভীর স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। ছবি : কালের কণ্ঠ
দেশের শীর্ষ ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হয়েছে। ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগে অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়গুলো।
গতকাল বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা হয়েছে। আজ থেকে ফুটবলের দামামাও বাজতে শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, লিয়াকত হোসেন, নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান এবং সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এমন একটা চমৎকার টুর্নামেন্ট আয়োজনের জন্য আনভীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ১০টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের আয়োজন শুরু হয়েছে, আশা করি এই টুর্নামেন্টটা প্রত্যেক বছরই হবে। ভবিষ্যতে আরো বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক বড় পরিসরে এটিকে দেখতে চাই। কয়েক দিন আগে এখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে।
আজ এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আনভীর ভাই যে উন্নত স্টেডিয়াম বানিয়েছেন, তাতে আশা করি দ্রুতই এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব। এই টুর্নামেন্টে অংশ নেওয়া সব কটি দলের জন্য শুভ কামনা।’
মোহাম্মদ রফিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আনভীর ভাইয়ের এই চমৎকার আয়োজনের জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা অনেক ভাগ্যবান।
তারা ফ্লাড লাইটের আলোয় খেলার সুযোগ পাচ্ছে। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি, তখন এমন সুযোগ-সুবিধা কল্পনাও করা যেত না।’ খেলোয়াড়দের উদ্দেশ্যে রফিক আরো বলেন, ‘আপনারা এখানে ডে-নাইট ক্রিকেট খেলতে এসেছেন, যা কখনো চিন্তাও করেননি। একটা অনুরোধ করব, আপনারা শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলা করবেন, যেন শৃঙ্খলা ভঙ্গ না হয়। আম্পায়ার থাকবেন, ম্যাচ রেফারি থাকবেন। তাঁরা যে সিদ্ধান্ত দেবেন, সেটাই যেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আপনাদের জন্য শুভ কামনা রইল।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এআইইউবি) পাঁচ উইকেটে হারিয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টে ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ, আর রানার্স আপ দল পাবে পাঁচ লাখ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন