প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংলাদেশের মধ্যে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর বাধার কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্য রেখায় এ ঘটনাটি ঘটে। পুশইনের শিকার হওয়া দলে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপির কাছে ভারতের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টাকারীরা শূন্য রেখায় ভারতের ভেতরেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।
পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান। বর্তমানে তাদের সীমান্ত এলাকায় আর দেখা যাচ্ছে না। এ ঘটনায় কড়া নজরদারি এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার বন্ধ করতে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।’
রোকনপুর বিওপি কমান্ডার সুবেদার ওয়ালিদ হাসান জানান, মধ্যরাতে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে কঠোর প্রতিবাদ জানানো হয়। পরে বিএসএফ তাদের ফিরে নিয়ে যায়। তিনি আরও জানান, যে সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা চলছে, সেখানে কোনো তারবেড়া নেই। বর্তমানে ওই সীমান্তে কড়া নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন