প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার বিষয়বস্তু টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমির সম্ভাবনা। আগামী ৩০ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল সেমিনার ২০২৬: সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি’ শীর্ষক সেমিনারের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়টি।
সেমিনার উপলক্ষে শিক্ষার্থী ও গবেষকদের কাছ থেকে গবেষণার সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষার্থী এবং গবেষকরা এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধন ও অংশগ্রহণের জন্য কোনো ফি নির্ধারণ করা হয়নি।
পোস্টার উপস্থাপনার বিষয়বস্তু দুটি প্রধান ধারায় বিভক্ত: টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ এবং ব্লু ইকোনমি।
টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ বিষয়ক ধারায় অন্তর্ভুক্ত রয়েছে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, দায়িত্বশীল জলজ চাষ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, উপকূলীয় জনগণের জীবিকা, মৎস্যপ্রযুক্তি, সামুদ্রিক খাদ্যের নিরাপত্তা এবং জলজ জীবপ্রযুক্তি।
অন্যদিকে, ব্লু ইকোনমি ধারায় সমুদ্র শাসন, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, সমুদ্র অর্থনীতি ও মৎস্যসম্পদ বিষয়ক আইনগত বিষয়, পরিবেশবান্ধব নৌপরিবহন, বন্দর ও সামুদ্রিক সরবরাহ ব্যবস্থা, সমুদ্রে নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক জীবপ্রযুক্তি, উপকূলীয় পর্যটন, সামুদ্রিক দূষণ এবং সমুদ্রবিজ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত গবেষণা উপস্থাপনের সুযোগ থাকবে।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, গবেষণার সারসংক্ষেপ সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে থাকতে হবে। সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর। ১৭ নভেম্বর সারসংক্ষেপ গ্রহণের বিষয়ে জানানো হবে। নির্বাচিত গবেষণার পোস্টারের সফট কপি জমা দিতে হবে ২৫ নভেম্বরের মধ্যে।
পোস্টারে গবেষণার শিরোনাম, লেখকের নাম ও যোগাযোগের তথ্য, গবেষণার সারসংক্ষেপ, উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল, উপসংহার ও তথ্যসূত্র উল্লেখ করতে হবে। পোস্টারের সর্বোচ্চ আকার ৪৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৩৬ ইঞ্চি প্রস্থ নির্ধারণ করা হয়েছে। পোস্টার উপস্থাপনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হবে।
গবেষণার সারসংক্ষেপ ও পোস্টারের সফট কপি জমা দিতে হবে [email protected] ঠিকানায়।
সেমিনার-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সমুদ্রবিজ্ঞান ও জলবিজ্ঞান বিভাগের ড. এস এম মোস্তাফিজুর রহমান এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এস এম রাশিদুল হাসানের সঙ্গে।
আগামী ৩০ নভেম্বর সেমিনার ও পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন