প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং টিএসবি ইউনিয়নে বিএনপির সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। একইসঙ্গে তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে জাকির হোসেনের মাথায় গুলি করে। এরপর তারা মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, জাকিরের মাথায় লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলির পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইট বালু ব্যবসায়ী ছিলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সংবাদ পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন