প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা (দক্ষিণ), ২১ সেপ্টেম্বর ২০২৬ : জেলার আদর্শ সদর উপজেলায় আজ ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মেশানো, নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ‘আরমান মসলার মিল’ নামক একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আদর্শ সদর উপজেলার দুর্গাপুরের বারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘আরমান মসলার মিল’-এ অভিযান চলাকালীন ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মেশানো, নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।
এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী একলাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, রং মেশানো মরিচের গুঁড়া পানিতে মিশিয়ে এবং নষ্ট ও পোকায় খাওয়া মরিচ ডোবায় ফেলে ধ্বংস করা হয়। এছাড়া, মার্কেট কমিটিকে প্রতিষ্ঠানটির কার্যক্রম তদারকির দায়িত্ব প্রদান করা হয়।
এ সময় দুর্গাপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন