প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি নতুন বাংলাদেশ গড়ার কাজ করছে। তিনি উল্লেখ করেন যে, এই বাংলাদেশে তরুণরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে সুযোগ সৃষ্টি করবে, যেখানে রাষ্ট্র জনগণের সেবক হিসেবে কাজ করবে এবং রাজনীতির মূল উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজির ভিটা ইউনিয়নের বুরাঘাট চৌরাস্তায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, নির্বাচনের পূর্বে বিএনপি কোটি যুবকের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন সরকারের প্রধান রাজনৈতিক দায়িত্ব। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দেশে ও বিদেশে ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যুবকদের উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণ, এবং নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য অর্থনৈতিক প্রণোদনা, নতুন কল কারখানা স্থাপন, বন্ধ কারখানা চালু, দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত বিকাশ, কৃষিভিত্তিক শিল্প প্রবৃদ্ধি, আমদানি বিকল্প পণ্য তৈরি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় নারী উদ্যোক্তা, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা, এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
তরুণ সমাজকে তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, তিনি তরুণদের ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করছেন। তার লক্ষ্য হচ্ছে প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি নয়, বরং কর্মসংস্থান, উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানের আয়োজক ক্লাবের সভাপতি রাসেল মিয়ার সভাপতিত্বে হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সুরুজ্জামান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, ফ্রেন্ডস জোন ক্লাব আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে বোয়ালমারা গ্রাম বনাম মন্ডল বাজার গ্রামের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মন্ডল বাজার গ্রাম চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে এমরান সালেহ প্রিন্স চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমসহ অন্যান্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন