প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য, বিদেশে নতুন কর্মসংস্থানের বাজার অনুসন্ধান, বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ২০২৬-২০৩০ মেয়াদে সরকার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।
আজ জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য তুলে ধরেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ নোটিশটি উত্থাপন করেন পাবনা-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।
মন্ত্রী উল্লেখ করেন, ‘বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিয়েছে।’
তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের গন্তব্যকে বহুমুখী করার পাশাপাশি চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
২০২৫ সালের তুলনায় কর্মী অভিবাসনের হার কিছুটা কমলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৩০ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার। ফলে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলার।
মন্ত্রী জানান, এ সময়ে সিঙ্গাপুরে কর্মী যাওয়ার হার ৬২ শতাংশ এবং জাপানে ৫৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া মাল্টা, সার্বিয়া, বেলারুশ ও মলদোভার মতো নতুন শ্রমবাজারেও বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয়েছে।
বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর দেশটির শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। সরকার বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনাও নিয়েছে।
আরিফুল হক চৌধুরী জানান, ২০১৮ সাল থেকে বন্ধ থাকা বাহরাইনের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গত ১৮ মে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার যৌথ কমিটির বৈঠকে দক্ষ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের কারিগরি কর্মী ও ওয়েল্ডারের চাহিদা চিহ্নিত করা হয়। এ চাহিদা পূরণে বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করতে সম্মত হয়েছে কাতার।
মন্ত্রী জানান, গত মার্চে সাধারণ ও মৌসুমি কর্মী পাঠানোর বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত মাসে জাপানের সঙ্গেও আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিকল্প শ্রমবাজার গড়ে তুলতে থাইল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, ওমান, ফিজি, মাল্টা, স্পেন, অস্ট্রিয়া ও আলবেনিয়াসহ ১৪টি দেশে সমঝোতা স্মারকের খসড়া পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড কোর্স পরিচালনা করছে।
সরকার জাপানি, কোরীয়, ইংরেজি, আরবি, জার্মান, ইতালীয় ও চীনা ভাষাসহ আটটি বিদেশি ভাষায় প্রশিক্ষণ দিচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৪ হাজার ৫০৪ জন ভাষা প্রশিক্ষণ নিয়েছেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহায়ক ওয়েল্ডিং প্রযুক্তি, থ্রিডি প্রিন্টার এবং ড্রাইভিং সিমুলেটর যুক্ত করা হয়েছে। পাশাপাশি গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং কোর্সও চালু হয়েছে।
মন্ত্রী বলেন, ভারী যন্ত্রপাতি পরিচালনা, কেয়ারগিভিং, হোটেল হাউসকিপিং, খাদ্য উৎপাদন, ফ্রন্ট অফিস ব্যবস্থাপনা ও রান্নার মতো নতুন বৃত্তিমূলক কোর্স চালুর একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
ইইউ-বাংলাদেশ ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের আওতায় ইতালিতে কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তুলতে ১০টি প্রশিক্ষণ কেন্দ্রে ১২টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ইতালির নিয়োগকর্তাদের নিয়োগ কার্যক্রম সহজ করা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে।
জাপান সেল উদ্যোগের আওতায় ভাষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ বছরে ১ লাখ দক্ষ কর্মী জাপানে পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিএমইটি জাপানের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। জাপান ফাউন্ডেশন ভাষা প্রশিক্ষণে সহায়তা করছে।
মন্ত্রী জানান, দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের জন্য কোরীয় ভাষা প্রশিক্ষণ ও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) পরীক্ষার প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এ ছাড়া মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকারগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
মরিশাস প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালে এ পর্যন্ত ২ হাজার ৯৯১ জন বাংলাদেশি কর্মী দেশটিতে গেছেন। মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্ত করার অনুরোধ জানানো হয়েছে।
মালয়েশিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নিয়োগ ব্যয় ছাড়াই কর্মী পাঠানো শুরু হয়েছে। এ পর্যন্ত ৫৬৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ১২০টি পদের বিপরীতে ৪০৯ জন প্রার্থী আবেদন করেন। লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান খাতের চ্যালেঞ্জ মোকাবিলা, চাকরির সুযোগ সম্প্রসারণ এবং দেশের রেমিট্যান্স আয় বাড়ানো সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন