প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে যদি অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ হিসেবে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে।
আজ শুক্রবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, গতকাল সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়ায় যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা প্রদানের জন্য ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে।
মন্ত্রী জানান, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় মন্ত্রী প্রবাসীদের নিজ-নিজ অবস্থানরত দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান।
বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। ইতোমধ্যে জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। এছাড়া সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে জন্য তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন