প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কঠোরভাবে সতর্ক করেছেন যে, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। তিনি উল্লেখ করেছেন যে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ নিশ্চিত করতে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার আগারগাঁওয়ের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হাসান এই কর্মশালার সভাপতিত্ব করেন।
মীর শাহে আলম নগর ব্যবস্থাপনার প্রধান সমস্যাগুলি তুলে ধরে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শহরের একটি গুরুত্বপূর্ণ কাজ হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। তিনি সতর্ক করেন যে, বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে।
প্রতিমন্ত্রী কর্মশালায় বিপুলসংখ্যক কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার মোটা অঙ্কের অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে, অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এই ধরনের উদাসীনতা সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে।
তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করে তিনি একে ইতিবাচক হিসেবে আখ্যা দেন। প্রতিমন্ত্রী আরও বলেন, পৌরসভার মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, মূলত জেলাভিত্তিক এবং 'ক' শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এই তালিকায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অবকাঠামোগত মানোন্নয়নে এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি কর্মকর্তাদের রাস্তাঘাট তৈরির পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণে জোর দেওয়ার নির্দেশ দেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং নাগরিক সেবায় প্রশাসনিক হয়রানির বিষয়ে শূন্য সহনশীলতার বার্তা দিয়ে প্রতিমন্ত্রী জানান, কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সার্ভিস স্থগিত রেখে বা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, এগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া সোলার প্যানেল বাবদ পাঠানো বরাদ্দ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকার গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা তুলে ধরে তিনি জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্তীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এ বছরেই ১৩ হাজার কোটি টাকা বরাদ্দে ৪১ লাখ নারী এই সুবিধার আওতায় আসবেন। তিনি পিছিয়ে পড়া যুবকদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, সাড়ে ৩ লক্ষাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা হবে এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হবে।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলীগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন