প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় বাসিন্দা ও পানি আন্দোলনকর্মীরা দাবি করেছেন যে, ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেয়া উচিত। তারা ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে একটি আলাদা বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুর দাবি জানাচ্ছেন।
যশোর জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ ও কৃষিমন্ত্রীর কাছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পাঠানো আলাদা স্মারকলিপিতে এই দাবি উত্থাপন করা হয়। স্মারকলিপির একটি অনুলিপি খাদ্যমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিএডিসি বৃহত্তর যশোরের যেসব এলাকা এই প্রকল্পে যুক্ত করেছে, সেগুলোর সঙ্গে ভবদহের জলাবদ্ধতা নিরসনের কোনো সম্পর্ক নেই। অবাস্তব তথ্য দিয়ে জনগণ ও সরকারকে বিভ্রান্ত করে প্রকল্প থেকে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভবদহ এলাকায় সেচ প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইলসহ প্রায় ১৩০ কিলোমিটার নদী-খাল ভরাট হয়ে যাওয়ার কারণে ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার হয়েছে। নদী ও খাল সচল না থাকলে জলাবদ্ধ এলাকার পানি সেচের মাধ্যমে নিষ্কাশন করা সম্ভব নয়।
অতীত অভিজ্ঞতা তুলে ধরে স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি সেচের কাজ শুরু করলেও ২০২১ সাল পর্যন্ত ব্যয় হওয়া ১ কোটি ৬১ লাখ টাকাসহ পরবর্তী খরচে কোনো সুফল মেলেনি। বরং জনজীবনের বিপর্যয় বেড়েছে। ভবদহ স্লুইসগেট থেকে বারোয়াউড়িয়া মোহনা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নদী ভরাট হয়ে গেছে বলেও উল্লেখ করা হয়। এছাড়া বিল কপালিয়ায় বিএডিসির ৩ ভেন্টে সেচ পাম্প চালুর উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ বৈদ্যুতিক সেচযন্ত্র বসিয়ে নদীর একপাশের পানি তুলে পাইপের মাধ্যমে অপর পাশে ফেলা হয়েছে।
নতুন করে প্রস্তাবিত প্রকল্পে ফসল উৎপাদনের বর্ণনাকেও অবাস্তব বলে দাবি করা হয়েছে স্মারকলিপিতে। বলা হয়, বর্তমানে চলমান নদী খনন এবং ভবদহের ২১ ও ৯ ভেন্টের গেটগুলো সচল রাখার ফলে ব্যাপক পানি নিষ্কাশিত হচ্ছে। এর পাশাপাশি বিলে বিলে টিআরএম চালু করা হলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হবে।
বিগত সময়ে বিল ডাকাতিয়া (১৯৯০), বিল ভায়না (১৯৯৭), বিল কেদারিয়া (২০০০) এবং বিল খুকশিয়ায় (২০০৬) টিআরএমের সাফল্যের উদাহরণ টেনে স্মারকলিপিতে বলা হয়, ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম সফল করার ক্ষেত্রে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব দিয়েছিলেন।
গেল ১৬ মে (শনিবার) যশোর শিল্পকলা একাডেমিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য ও ক্ষতিগ্রস্ত জনপদের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়। পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত আইডব্লিউএম গেল সেপ্টেম্বরে চূড়ান্ত প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়েছে, যার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পথ সুগম হবে। এই অবস্থায় প্রস্তাবিত সেচ প্রকল্প গৃহীত হলে বিপর্যয় আরও বিস্তৃত হতে পারে বলে স্মারকলিপিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন