প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে, কার্লোস সত্যিই মুসলিম হয়েছেন কি না।
কারণ, এই বিষয়ে তিনি নিজে এখন পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছেন বলে জানা যায়নি।
তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলার গতকাল (১৮ আগস্ট) একটি প্রতিবেদনে দাবী করেছে যে, রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে এটি নিশ্চিত কোনো ঘোষণা নয়, বরং একটি দাবী—এটিও স্পষ্টভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, খবরটি আরো জোরালো হয়েছে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির সংসদ সদস্য আলী শাহিনের বক্তব্যে।
ব্রাজিলের সাও পাওলোতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আমরা একত্র হয়েছিলাম। কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এখন একজন মুসলিম।’
আলী শাহিন আরো জানিয়েছেন, ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করায় আমি তাকে অভিনন্দন জানাই। আমি তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরা জীবন কামনা করি।’
তাহলে সত্যিটা কী? সেটিই মূল প্রশ্ন। গোল ডট কম তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশিত হয়েছে।
কিন্তু এখনও পর্যন্ত তিনি নিজে তার ধর্ম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেননি। তাই এটিকে এই মুহূর্তে নিশ্চিত খবরের চেয়ে একটি দাবী হিসেবেই দেখা হচ্ছে।
গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়িয়েছে মূলত শেখ জিহাদ হাম্মাদেহ এবং তুরস্কের সংসদ সদস্য আলী শাহিনের বক্তব্যের ভিত্তিতে।
এছাড়া, মরক্কোর নারীর সঙ্গে বিয়ের পরই আলোচনা শুরু হয়েছে। রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের ব্যাপারে খবরটি ছড়ানোর সময় তার বিয়ের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
গোল ডট কম জানিয়েছে, মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সুহেইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মরোক্কান বংশোদ্ভূত এই নারীর বিয়ের ছবি সবার নজরে এসেছে। সুহেইলা ফিফা লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট এবং ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও নানা ফুটবল প্রকল্প নিয়ে কাজ করেন।
তাদের সম্পর্ক প্রথমে পেশাগতভাবে শুরু হলেও পরে তা ভালো লাগা ও ভালোবাসায় রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিন্তু কার্লোস-সুহেইলার বিয়ে একটি সাম্প্রতিক ঘটনা নয়। বিয়ের তথ্য গত জানুয়ারিতে সামনে এসেছিল। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ আগস্ট সেই বিয়ের ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন