প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত, বেশি দামে বিক্রি ও সরকারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুই ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ২৬১ বস্তা সার জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামের আরও এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এসব অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
বড়গ্রাম বাজারে অভিযানে সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ব্যবসায়ী মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে বড়গ্রাম বাজার থেকে মোট ২৬১ বস্তা সার জব্দ এবং চার ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, বুধবার দুপুর ১টার দিকে ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় সরকারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে আব্দুর রাজ্জাককে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান উপস্থিত ছিলেন।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন