প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের ঘোড়াঘাটে রাজনৈতিক প্রতিপক্ষ ও ইট ব্যবসায়ী রিফাত কবিরের বিরুদ্ধে থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. উজ্জল মিয়াকে অপহরণ, মারধর, স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ ও পরবর্তীতে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ওসমানপুর বাজারে তার নিজস্ব অফিসে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী উজ্জল মিয়া এই অভিযোগ তুলে ধরে আইনী প্রতিকার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি ওসমানপুর বাজারে ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক সূত্রে কাসিয়াতলা গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে রিফাত কবিরের ইটভাটা থেকে ইট ক্রয়ের চুক্তিতে ৩০০ টাকার স্ট্যাম্প মূলে রিফাতকে ৬০ লাখ টাকা প্রদান করেন। কিন্তু রিফাত ইট সরবরাহে ব্যর্থ হলে পরে পূবালী ও সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে ৪০ লাখ টাকা ফেরত দিলেও বাকি ২০ লাখ টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন।
উজ্জল মিয়া অভিযোগ করেন, গত ৭ জুন রাত আনুমানিক ৮টার দিকে রিফাত কৌশলে তাকে ওসমানপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার বাড়িতে নিয়ে যান। সেখান থেকে রিফাত এবং উজ্জল মিয়ার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী আলিফ ওরফে অভিসহ তাদের লোকজন তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে মারধর করে। পরে তার স্ত্রীকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ৩টি চেকের পাতা ও ১০০ টাকা মূল্যমানের ৩টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে সেই স্ট্যাম্পে ৩৫ লাখ ও ২৫ লাখ টাকা লিখে নিয়ে সেগুলো ছিঁড়ে ফেলে এবং নতুন করে টাকা দাবি করে মামলার ভয় দেখাতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর রিফাত কবির বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে উজ্জল মিয়াকে গ্রেফতার করায়। তবে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত সমস্ত কাগজপত্র পর্যালোচনা ও জবানবন্দি শ্রবণ করে তাকে জামিনে মুক্তি প্রদান করেন।
উজ্জল মিয়া দাবি করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান নষ্ট করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা এই ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটিয়েছে। তিনি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন