প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের সকল মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে।
কমিউনিটি ভিত্তিক এবং পারিবারিক পর্যায়ে নিরাপদ পানির ব্যবস্থা সম্প্রসারণে সংসদ সদস্যদের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্যানিটেশন এবং নিরাপদ পানির ব্যবস্থার ক্ষেত্রে সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে।
গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের কিছু এলাকায় নিরাপদ পানির সুবিধা ৭৪ শতাংশ, আবার কিছু এলাকায় ৮৮ শতাংশ। এসব ক্ষেত্রে শতভাগ লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। নতুন প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ও পরিবার ভিত্তিক নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এর আগে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের জন্য নিরাপদ পানি সরবরাহে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মাধ্যমে গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং আর্সেনিকমুক্ত নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্সেনিক, অতিরিক্ত আয়রন ও অন্যান্য ক্ষতিকর উপাদানযুক্ত পানির ঝুঁকির কথা তুলে ধরে বিনামূল্যে পানির মান পরীক্ষা, ঝুঁকিপূর্ণ নলকূপ চিহ্নিতকরণ এবং প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা নিয়ে সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সংসদ সদস্যদের সম্পৃক্ত করে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত নিরাপদ পানির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মেহেরপুর-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সরকারের চলতি মেয়াদে তিনটি পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন। প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগণের টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ-সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ এবং ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন। এসব প্রকল্পের মাধ্যমে সমবায়ভিত্তিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ জনগণের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে বরাদ্দ ও ব্যয়ে অনিয়মের বিষয় তদন্ত করা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কোনো কার্যক্রম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে না থাকায় আলোচিত অনিয়মের বিষয়ে তদন্ত করা এ বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে প্রতীয়মান হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে সর্বমোট কত টাকা ব্যয় করা হয়েছে এবং বেশির ভাগ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার বিষয়টি তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। এ প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হলে, তা কী-এ বিষয়েও জানতে চান তিনি। জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পটি ২০০৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দেশের সাতটি বিভাগের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল ৭৮ হাজার ৮৫২ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা। তিনি বলেন, প্রকল্পটি ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হয়েছে। প্রকল্পের কার্যক্রম স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য এটি পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরিত হয়। ২০২১ সালের ১ জুলাই থেকে ব্যাংকটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে হস্তান্তর করা হয়। এ-সংক্রান্ত কার্যক্রম ওই বিভাগ থেকে চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন