প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার জন্য তাগিদ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি উল্লেখ করেছেন, যদি এ ধরনের আধুনিক চিকিৎসাসেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে উন্নত ও সাশ্রয়ী চিকিৎসার সুযোগ সৃষ্টি হবে এবং চিকিৎসার জন্য ঢাকামুখী চাপ কমে যাবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত সংবেদনশীল ও বদ্ধপরিকর। দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে টাঙ্গাইলের মতো অঞ্চলে ক্যান্সার ও জটিল রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বিশাল জনগণের দীর্ঘমেয়াদি চিকিৎসা সংকট শুধুমাত্র ব্যক্তিগত বা সাময়িক আর্থিক সহায়তার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, নিউক্লিয়ার মেডিসিনের মতো আধুনিক চিকিৎসাব্যবস্থা জেলা পর্যায়ে সম্প্রসারণ করা গেলে সাধারণ মানুষ নিজ এলাকায় উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা পাবে। এতে চিকিৎসার প্রয়োজনীয়তায় ঢাকায় আসার চাপও অনেকটা কমে যাবে।
নিউক্লিয়ার মেডিসিন খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ২২টি সংশ্লিষ্ট কেন্দ্রে এ কার্যক্রম চালু ও সচল রয়েছে। এছাড়া আরও ১০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
কাজের অগ্রগতি ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, শুধু রোডম্যাপ তৈরি বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখা যাবে না। পরিকল্পনার চূড়ান্ত ফলাফল ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এজন্য নিয়মিত তদারকি ও ফলোআপের মাধ্যমে সংশ্লিষ্টদের কাজের অগ্রগতি পর্যালোচনার ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তাদের দলগত সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেন। দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন