প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংল্যান্ডের বিরুদ্ধে পরিচিত ছন্দে ব্যাটিং না করতে পারলেও জিম্বাবুয়ের সফরে বৈভব সূর্যবংশী নিজেকে ঠিকই প্রমাণ করেছেন। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪৯ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ১৫ বছরের এই তরুণ ক্রিকেটার।
একটার পর একটি রেকর্ড গড়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি। যদিও এই দুর্দান্ত পারফরম্যান্সের পরেও বৈভবের উন্নতির একটি দিক রয়েছে বলে জানিয়েছেন ভারতের অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ।
জিম্বাবুয়েকে ৩-০-এ ধবলধোলাই করে সিরিজ জিতেছে শ্রেয়াস আইয়াররা। সিনিয়র দলের হয়ে এই সিরিজে বৈভব দুটি হাফ সেঞ্চুরি করেছেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে লক্ষ্মণ বলেছেন, ‘যেটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাকে, তা হলো মানুষ হিসেবে বৈভবের পরিবর্তন। গত ছয় মাসে ও মানসিকভাবে আরো পরিণত হয়েছে। খেলা বোঝার ক্ষমতা এবং সচেতনতা অনেক বেড়েছে। সেই কারণে কঠিন পরিস্থিতি সামলাতে পারছে। বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে চাপের মধ্যেও ভালো খেলছে। তবে আমরা চাই ও ফিটনেসে আরো উন্নতি করুক।’
যেকোনো ক্ষেত্রেই বৈভবের শেখার ইচ্ছা এবং দলের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার মানসিকতা আলাদা করে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছে। এই নিয়ে লক্ষ্মণ বলেন, ‘ও নিজের খেলার প্রতিটি দিকে আরো উন্নতি করতে চায়। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পাওয়ার পরেও মাঠে থাকতে চাইছিল। কিন্তু আমাদের ফিজিও ওকে মাঠের বাইরে যেতে বলেন। দলের জন্য সব রকমভাবে অবদান রাখার যে আগ্রহ ওর মধ্যে রয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়।’
বয়সের দিকটি মাথায় রেখে ধাপে ধাপে ফিটনেস এবং শারীরিক সক্ষমতা বাড়াতে পারলে ভবিষ্যতে আরো বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে যোগ করেন ভারতের অন্তর্বর্তী দায়িত্ব নেওয়া এই কোচ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন