প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ এসকে রাসেল ॥
কিশোরগঞ্জ, ১৩ নভেম্বর, ২০২৬ : এক পাশে প্রায় ৫০০ বছরের পুরোনো দাবি করা হাতে লেখা পুঁথি রয়েছে।
অন্যপাশে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বোধোদয়’ বইটি স্থান পেয়েছে। সেইসঙ্গে, শেলফে সাজানো স্বাধীনতার সময় ও পরবর্তী দিনের পুরোনো পত্রিকা দেখা যাচ্ছে।
কোথাও সাদাকালো টেলিভিশন, টেপ রেকর্ডার, রেডিও, কলের গান, হ্যাজাক লাইট কিংবা ব্রিটিশ আমলের ট্রাংকও রয়েছে।
সময়ের ব্যবধানে মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া এসব জিনিস এক ছাদের নিচে জড়ো করেছেন কিশোরগঞ্জের যুবক শরীফুল ইসলাম।
ডিজিটাল প্রযুক্তির এই যুগে যখন পুরোনো বই, পত্রিকা ও ব্যবহার্য সামগ্রী ক্রমেই বিস্মৃত হচ্ছে, তখন তিনি নিজের শ্রম, সময় ও অর্থ ব্যয় করে সেগুলো সংগ্রহ করছেন। তার এই উদ্যোগের নাম ‘ওল্ড কালেকশন’।
কিশোরগঞ্জ শহরের পশ্চিম হারুয়া এলাকার কসাইখানা সড়কের পাশে ছোট্ট একটি দোকানঘরে গড়ে উঠেছে এই ব্যক্তিগত সংগ্রহশালা। স্থানীয়দের কাছে এটি পুরোনো বুকশপ নামেও পরিচিত।
সংগ্রহশালায় ঢুকলে মনে হবে, এক জায়গায় থমকে আছে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দীর ইতিহাস।
বিবর্ণ মলাটের বই, হলদেটে পত্রিকার পাতা, পুরোনো মুদ্রা কিংবা একসময় ঘরে ঘরে ব্যবহৃত যন্ত্রপাতি, প্রতিটি সামগ্রীই যেন অতীতের কোনো গল্প বলতে চায়।
এই সংগ্রহের পেছনে রয়েছেন ৩৮ বছর বয়সী শরীফুল ইসলাম। নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুরের বাসিন্দা শরীফ গত ১২ বছর ধরে কিশোরগঞ্জের পশ্চিম হারুয়া এলাকায় বসবাস করছেন।
পেশায় কাগজ কেনাবেচার ছোট ব্যবসায়ী হলেও এক দশকের বেশি সময় ধরে পুরোনো বই, পত্রিকা ও দুর্লভ সামগ্রী সংগ্রহ করছেন তিনি। তার দাবি, সংগ্রহে রয়েছে ৬০ থেকে ৭০ হাজার পুরোনো বই-পুস্তক। এর বাইরে রয়েছে নানা ঐতিহাসিক ও ব্যবহার্য সামগ্রী।
শরীফের সংগ্রাহক হয়ে ওঠার গল্পের শুরু ২০১৫ সালের দিকে। তখন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কয়েকটি দোকানে পুরোনো নিউজপ্রিন্টের পত্রিকা ও ম্যাগাজিন অন্য কাগজের তুলনায় বেশি দামে বিক্রি হতে দেখেন তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন, ৪০ থেকে ৫০ বছর আগের এসব পত্রিকা কেটে টুকরো করে বিড়ি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।
বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। যে কাগজে দেশের ইতিহাস, সমাজ, রাজনীতি ও মানুষের জীবনের নানা ঘটনার সাক্ষ্য রয়েছে, সেগুলো কি এভাবেই হারিয়ে যাবে? সেই ভাবনা থেকেই পুরোনো বই ও পত্রিকা সংগ্রহ শুরু করেন। পরে এর সঙ্গে যুক্ত হয় মুদ্রা, ডাকটিকিট, রেলওয়ের টিকিট, হাতে লেখা চিঠি, পুরোনো যন্ত্রপাতিসহ নানা সামগ্রী।
শরীফের ভাষ্য, এরপর থেকে যেখানে পুরোনো ও গুরুত্বপূর্ণ কোনো জিনিসের সন্ধান পেয়েছেন, নিজের সামর্থ্য অনুযায়ী সংগ্রহ করার চেষ্টা করেছেন।
সংগ্রহশালার অন্যতম আকর্ষণ তুলট কাগজে হাতে লেখা একটি প্রাচীন পুঁথি। শরীফের দাবি, পুঁথিটির বয়স প্রায় ৫০০ বছর এবং এটি সংস্কৃত ভাষায় লেখা।
এ ছাড়া রয়েছে উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্রকাশিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশু-শিক্ষাবিষয়ক বই ‘বোধোদয়’। আছে শতাব্দীর প্রাচীন পাঠ্যবই ‘আমার সাথী’, পাঁচ আনা মূল্যের দুর্লভ বাংলা পাঠ্যবই ‘মুক্তাহার’ এবং ১৩৫৫ বঙ্গাব্দে প্রকাশিত পাঁচ সিকা মূল্যের কাব্যগ্রন্থ ‘জয়গান’।
বইগুলোর পাশাপাশি পুরোনো পত্রিকার সংগ্রহও বেশ সমৃদ্ধ। বিশেষ করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী সময়ের বিভিন্ন পত্রিকার সংখ্যা এবং সংবাদ কাটিংয়ে উঠে এসেছে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের নানা অধ্যায়।
শরীফের সংগ্রহের অন্যতম আলোচিত সামগ্রী ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার একটি সংখ্যা। এটি এক প্রবাসী লেখকের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানান তিনি।
স্বাধীনতার আগে পত্রিকাটি ‘দৈনিক পাকিস্তান’ নামে প্রকাশিত হতো।
এ ছাড়া ১৯৭০ সালে রচিত গোয়েন্দা উপন্যাস ‘দুষ্টগ্রহ’ নামের একটি বই এক অস্ট্রেলিয়াপ্রবাসীর কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
তবে সংগ্রহে থাকা সব দুর্লভ বই বা সামগ্রী বিক্রি করেন না শরীফ। একই জিনিসের একাধিক কপি থাকলে একটি রেখে বাকিগুলো বিক্রি করেন। কোনো সংগ্রহের দ্বিতীয় কপি পাওয়া কঠিন মনে হলে সেটি হাতছাড়া করতে চান না।
কিশোরগঞ্জের দোকানটিই শরীফের পুরো সংগ্রহ নয়। এর কিছুটা দূরে রয়েছে একটি গুদাম। দেশের বিভিন্নস্থান থেকে সংগ্রহ করা পুরোনো বই-পত্রিকা ও সামগ্রী প্রথমে সেখানে রাখা হয়। পরে বাছাই করে গুরুত্বপূর্ণ ও দুর্লভ জিনিসগুলো দোকানের সংগ্রহশালায় নিয়ে আসেন তিনি।
দেশের বিভিন্ন এলাকার মানুষ পুরোনো বই কিংবা ঐতিহ্যবাহী সামগ্রীর খবর দিয়ে তাকে সহযোগিতা করেন।
তার ফেসবুক পেজ ‘ওল্ড কালেকশন’-এর মাধ্যমে সংগ্রাহক ও আগ্রহীরা যোগাযোগ করেন। দেশের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে তার সংগ্রহ থেকে বই ও পুরোনো সামগ্রী কেনেন।
শরীফের এই উদ্যোগের পেছনে রয়েছে পারিবারিক প্রভাবও। ছোটবেলায় বাবাকে প্রয়োজনীয় জিনিস বছরের পর বছর যত্ন করে রেখে দিতে দেখেছেন তিনি। সেখান থেকেই পুরোনো জিনিস সংরক্ষণের প্রতি আগ্রহ তৈরি হয়। সংগ্রহের কাজে স্ত্রী জেসমিন আক্তারও তাকে উৎসাহ দেন। তাদের দুই সন্তান লাবিবা আক্তার ও জায়েন জিসান।
শরীফের সংগ্রহশালায় আসা দর্শনার্থীদের কাছে শুধু বই নয়, পুরোনো যন্ত্রপাতিগুলোও বেশ আকর্ষণীয়। শহরের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জামান স্বপন বলেন, আমরা মোবাইলের যুগে এসে অতীতের অনেক স্মৃতি হারিয়ে ফেলছি। আমরা এমন একটি প্রজন্ম, যারা অফলাইন থেকে অনলাইন যুগে এসেছি। কিন্তু আমাদের সময়ের অনেক ব্যবহৃত জিনিস আগামী প্রজন্মের দেখার সুযোগ হয়তো পাবে না।
এখানে এসে কলের গান দেখে খুব ভালো লেগেছে। একসময় বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই হাতে ঘুরিয়ে রেকর্ড বাজিয়ে গান শোনা যেত। এখনকার অনেকেই হয়তো এই যন্ত্রটি চেনেন না। অনেক বছর পর হ্যাজাক লাইটও দেখলাম। পাশাপাশি পুরোনো রেডিও, টেলিভিশন ও টেপ রেকর্ডার রয়েছে। এগুলো অমূল্য সম্পদ। এসব সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ করে জাদুঘরের আদলে সাজানো গেলে নতুন প্রজন্ম অতীতের জীবনযাপন ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, শরীফ ভাইয়ের এই সংগ্রহের শুরুটা আমরা খুব কাছ থেকে দেখেছি। শুরুতে তিনি কাগজের ব্যবসা করতেন। তার একটি কাগজের গুদাম ছিল। আমরা পাশের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিতাম।
একসময় লক্ষ করলাম, তিনি পুরোনো কাগজের মধ্য থেকে ঐতিহাসিক দলিল ও গুরুত্বপূর্ণ বইপত্র আলাদা করে যত্নসহকারে সংরক্ষণ করছেন। কাজটি বেশ ধৈর্য ও সময়সাপেক্ষ। ধীরে ধীরে তিনি কাগজ বিক্রির জায়গা থেকে ঐতিহাসিক দলিলগুলো আলাদা করে নিজস্ব সংগ্রহশালা গড়ে তুলেছেন।
আজকের এই সংগ্রহশালা তার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। আমরা যারা রাজনীতি করি তারা এই সংগ্রহশালায় এলে রাজনৈতিক অনেক ইতিহাস আমরা জানতে পারবো। ইতিহাস ও ঐতিহ্যের এসব নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
শরীফ ভাইয়ের এই সংগ্রহশালা যথাযথভাবে সংরক্ষণ করা গেলে তা দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আইটি এক্সপার্ট আশরাফ আলী সোহান বলেন, এখানে আসার আগে ধারণাই করতে পারিনি, এত বিপুলসংখ্যক পুরোনো বই, পত্রিকা ও ঐতিহাসিক সামগ্রী রয়েছে। সংগ্রহশালাটি ঘুরে দেখে মুগ্ধ হয়েছি। বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক উত্থান-পতন এবং দেশের অগ্রযাত্রার নানা চিত্র এখানে একসঙ্গে দেখা যায়। মনে হয়েছে, ইতিহাসের একটি আয়না যেন সামনে তুলে ধরা হয়েছে।
বিশেষ করে পুরোনো পত্রিকা ও পত্রিকার কাটিংগুলো দেখে বিস্মিত হয়েছি। আমরা এখন ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাস করছি। কিন্তু অতীতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও ইতিহাস সম্পর্কে আমাদের জানাশোনা সীমিত। এখানে এসে শুধু চারপাশে একটু চোখ বুলালেই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
এখানে গণভোট, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সংবাদ ও পত্রিকার প্রথম পাতার সংরক্ষিত কপি রয়েছে। যারা ইতিহাস জানতে আগ্রহী, তাদের একবার হলেও এই সংগ্রহশালায় আসা উচিত।
গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী শেখ মুদ্দাছির তুসিও সংগ্রহশালাটি ঘুরে দেখে মুগ্ধতার কথা জানান। তিনি বলেন, এখানে আসার আগে ধারণাই করতে পারিনি, এত বিপুলসংখ্যক পুরোনো বই, পত্রিকা ও ঐতিহাসিক সামগ্রী রয়েছে। বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়, রাজনৈতিক উত্থান-পতন এবং দেশের অগ্রযাত্রার নানা চিত্র এখানে একসঙ্গে দেখা যায়।
বিশেষ করে পুরোনো পত্রিকা ও পত্রিকার কাটিংগুলো দেখে বিস্মিত হয়েছি। আমরা এখন ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাস করছি। কিন্তু অতীতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও ইতিহাস সম্পর্কে আমাদের জানাশোনা সীমিত। অথচ এখানে এসে শুধু চারপাশে একটু চোখ বুলালেই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। যারা ইতিহাস জানতে আগ্রহী, তাদের এই সংগ্রহশালায় আসা উচিত।
এতো বড় সংগ্রহ ধরে রাখা অবশ্য সহজ নয়। আর্থিক সীমাবদ্ধতার পাশাপাশি রয়েছে সংরক্ষণের নানা সমস্যা।
রাস্তার পাশে দোকান হওয়ায় ধুলাবালুর প্রভাব পড়ছে বই ও অন্যান্য সামগ্রীতে। শেলফে কাঁচের ব্যবস্থা করা গেলে সংগ্রহগুলো আরও সুরক্ষিত রাখা সম্ভব বলে মনে করেন দর্শনার্থীরা।
পুরোনো বই, পুঁথি ও পত্রিকা আর্দ্রতা, ধুলা ও পোকামাকড়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়ের পত্রিকা কিংবা শতবর্ষী বইয়ের মতো ঐতিহাসিক উপকরণ নষ্ট হয়ে গেলে সেগুলোর বিকল্প পাওয়া কঠিন।
শরীফের এই উদ্যোগ তাই এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এত বড় সংগ্রহ কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব? প্রয়োজনীয় সংরক্ষণব্যবস্থা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সংগ্রহ ভবিষ্যতে গবেষক, শিক্ষার্থী ও ইতিহাস অনুরাগীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।
একটি তুলট কাগজের পুঁথি ফিরিয়ে নেয় কয়েক শতাব্দী পেছনে। ‘বোধোদয়’ মনে করিয়ে দেয় বাংলা শিক্ষার পুরোনো সময়কে।
১৯৭১ সালের ১৭ ডিসেম্বরের পত্রিকা সামনে আনে স্বাধীনতার পরদিনের সংবাদচিত্র। আর কলের গান, হ্যাজাক লাইট কিংবা সাদাকালো টেলিভিশন মনে করিয়ে দেয় মানুষের একসময়ের দৈনন্দিন জীবন।
কিশোরগঞ্জের পশ্চিম হারুয়ার ছোট্ট ‘ওল্ড কালেকশন’ তাই শুধু পুরোনো বই কিংবা অচল যন্ত্রপাতির দোকান নয়। এটি একজন মানুষের ব্যক্তিগত উদ্যোগে হারিয়ে যেতে বসা সময়ের চিহ্নগুলো ধরে রাখার প্রচেষ্টা।
শরীফুল ইসলাম হয়তো নিজের সামর্থ্যেই এই সংগ্রহ গড়ে তুলেছেন। কিন্তু তার সংগ্রহে থাকা অনেক স্মারকই ব্যক্তিগত সম্পদের সীমা ছাড়িয়ে বৃহত্তর ইতিহাসের অংশ হয়ে ওঠার সম্ভাবনা রাখে। এখন প্রয়োজন সেগুলোকে টিকিয়ে রাখার উপযুক্ত উদ্যোগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন