প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সন্দ্বীপে এসএসসি ব্যাচ ২০২৫-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট পরেছে কিং হেজন স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে বিডি স্টার এফসিকে ৫–৪ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মগধারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ফাইনালে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ০–০ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
এরপর শিরোপা নির্ধারণে টাইব্রেকারে মুখোমুখি হয় দুই দল। টানটান উত্তেজনার এই লড়াইয়ে শেষ হাসি হাসে কিং হেজন স্পোর্টিং ক্লাব। টাইব্রেকারে ৫–৪ গোলে বিডি স্টার এফসিকে পরাজিত করে নিজেদের ঘরে তুলে নেয় কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি।
জমকালো পুরস্কার বিতরণী
ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগধারা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সামশুল আকতার ও বিমল চন্দ্র দাশ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগধারা স্কুল অ্যান্ড কলেজের ১৯৯৩ ব্যাচের জীয়াউল হক শিবলী, ১৯৯৭ ব্যাচের শহীদ সেরোয়ার সুমন, ১৯৯৯ ব্যাচের আবুল হোসেন মিলাদ, আনন্দময়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. মাঈন উদ্দীন, আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।
ধারাভাষ্যে ছিলেন সহেল রানা ও আমিনুল ইসলাম রিয়াদ
ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সহেল রানা ও আমিনুল ইসলাম রিয়াদ। তাদের প্রাণবন্ত ধারাভাষ্যে ফাইনালের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
আয়োজনে যারা
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আয়োজক কমিটিতে ছিলেন আফছার, মিনহাজ, শরিফ, জাহেদ, আকিব, জমির, হৃদয়, সম্রাট, ইয়াসিন, মহসিন, রিয়াদ, পনি, কার্যন ও বিজয়।
পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে এসএসসি ব্যাচ ২০২৫-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই ফুটসাল ফুটবল টুর্নামেন্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন