প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের কারণে কাজী মো. ইউসুফ হোসেন (৪০) নামে এক ইসলামী সংগীত শিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধের ফলস্বরূপ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহত কাজী মো. ইউসুফ কনকাপৈত বাজারসংলগ্ন কনকাপৈত দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন। ইউসুফ এলাকায় ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত ছিলেন এবং সম্প্রতি জীবিকার তাগিদে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দুই থেকে তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু ওঠানো-নামানোর বিষয়ে ইউসুফের সঙ্গে একটি ট্রাক্টরের চালকের বাক্বিতণ্ডা হয়। ট্রাক্টরটি বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদের বলে জানা যায়। ওই ঘটনার পর আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজারে না যাওয়ার জন্য হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
স্বজনদের অভিযোগ, সোমবার সকালে ইউসুফ আমজাদের বাজারে গেলে ফারিহা এন্টারপ্রাইজ এলাকায় আবুল কালাম আজাদ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালান। হামলায় ইউসুফ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে তার স্বজনেরা ইউসুফকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘ইউসুফ হোসেন নামে অসুস্থ এক ব্যক্তিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।’
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, ট্রাক্টরে বালু ওঠানো-নামানো নিয়ে কাজী ইউসুফের সঙ্গে একজনের বাক্বিতণ্ডা হয়েছিল। সোমবার সকালে আমজাদের বাজারে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন