প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা রোহিঙ্গা আশ্রয় শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন। রোহিঙ্গাদের সাথে কথা বলে এবং তাদের কথাগুলি শোনার জন্য তারা সেখানে উপস্থিত হন।
শুক্রবার বেলা ১২ টার দিকে, সার্জিও গরের নেতৃত্বে ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। পরে, দুপুর ২ টার দিকে, প্রতিনিধি দলটি উখিয়ার ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্পটির ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। প্রায় ২০ মিনিট সেখানে পর্যবেক্ষণ করার পর, ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিডিআরসিএস পরিচালিত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম দেখতে যান। সেখানে হাসপাতালের রোগী, নার্স এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এরপর সন্ধ্যায়, বিকাল সাড়ে ৩টায়, উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্টেশন সেন্টার পরিদর্শনে যান। সেখানে দলের সদস্যরা কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন। পরে বিকাল সোয়া ৪ টায়, উখিয়ার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে যান। সেখানে তারা খাদ্য বিতরণের কার্যক্রম দেখে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং সংস্থাটির সংশ্লিষ্টদের সাথেও আলাপ করেন।
রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করার পর, বিকাল পৌণে ৫ টায়, উখিয়া উপজেলা সদরের নর্থ এন্ড ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সহ প্রতিনিধি দলের সদস্যরাও অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা করে আসছে। মূলত যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানগুলো কিভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে তা সরেজমিনে দেখতে মার্কিন প্রতিনিধি দলের এই সফর। ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে মার্কিন প্রতিনিধিদলের সফরের সময়, রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তার সাথে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন। এসময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে প্লেকার্ড প্রদর্শন করে নানা দাবি জানিয়েছেন।
রোহিঙ্গারা জানাচ্ছেন, নিরাপত্তার সাথে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নিশ্চয়তা পেলে তারা স্বদেশে ফিরে যাবেন।
সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের শেষ দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন