প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ পুলিশে নতুন ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টি করা হচ্ছে, যার মধ্যে ৪০০০ উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাবিত পদগুলো রাজস্ব খাতে তৈরি হবে। পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বর্তমানে, প্রস্তাবটি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবে তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, ক্যাম্প ও থানাসহ বিভিন্ন ইউনিটের জন্য ৯৯৪৩টি পদ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামরুম মুনিরা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) এবং কনস্টেবল পদে নতুন পদ সৃজনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এ প্রক্রিয়া অচিরেই সম্পন্ন হবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের জনসংখ্যা ১৮ কোটি হিসেবে প্রতি ৮৬৬ জন নাগরিকের জন্য একজন পুলিশ সদস্য রয়েছে। বর্তমানে পুলিশে এসআরবির কোটা ও নন পুলিশসহ মোট মঞ্জুরিকৃত পদ দুই লাখ ১৮ হাজার ৭৪৭ জন। এর মধ্যে নন পুলিশ পদ ১০ হাজার ৮০৯টি এবং পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৯৩৮টি।
এছাড়া, সহকারী পুলিশ সুপার থেকে আইজিপি পর্যন্ত ক্যাডার পদ ৩,১৬৮টি রয়েছে। ননক্যাডার পদের মধ্যে ইন্সপেক্টর পদে ৬,৯৫৭ জন, এসআই পদে ২৪ হাজার ৫৮১, এএসআই ৩০ হাজার ৪৯০টি এবং বাকি দুই লাখ ৪,৭৭০টি পদ কনস্টেবল।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, জনবল সংকট নিরসন, আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধি এবং সারা দেশে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা জোরদার করার জন্য রাজস্ব খাতের আওতায় নতুন পদগুলো সৃষ্টি করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যার তুলনায় বাংলাদেশের পুলিশের জনবল ১ লাখ ৩৫ হাজার ৩৭৪ জনের ঘাটতি রয়েছে। দেশের আনুমানিক জনসংখ্যার তুলনামূলক বিশ্লেষণে ব্যবহৃত আঞ্চলিক মানদণ্ড পূরণ করতে প্রায় তিন লাখ ৫৪ হাজার ১২৩ জন পুলিশ সদস্য প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জাতিসংঘের শান্তিকালীন ৪০০:১ মানদণ্ডের উল্লেখ করে বলা হয়েছে, উন্নত দেশগুলোতে প্রতি ৪০০ জনের কম নাগরিকের জন্য অন্তত একজন পুলিশ কর্মকর্তা থাকে। আঞ্চলিক তুলনায় মালয়েশিয়ায় প্রতি ২৯৭ জনের বিপরীতে একজন এবং থাইল্যান্ডে প্রতি ৩১৩ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছে।
পুলিশের অপর একটি প্রস্তাবে ৪০০টি সার্জেন্ট পদ এবং ৪৫০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন মন্তব্য করেছেন যে, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। বর্তমান পুলিশ জনবল দিয়ে জননিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব নয়। মালয়েশিয়ায় প্রতি ২৯৭ জন নাগরিকের বিপরীতে একজন পুলিশ সদস্য এবং থাইল্যান্ডে প্রতি ৩১৩ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন। এ তুলনায় বাংলাদেশের পুলিশের জনবল উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন।
আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণকে সেবা দেওয়ার সক্ষমতা বৃদ্ধির জন্য প্রস্তাবিত নিয়োগ একটি ইতিবাচক পদক্ষেপ বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন