প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : শিশুখাদ্য উৎপাদনে উপাদান তালিকার সঙ্গে বাস্তব ব্যবহারের অমিলের কারণে, চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টিকারক অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের পরিবর্তে বস্ত্রের রং (টেক্সটাইল ডাই) ব্যবহারের দায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকার কেরানীগঞ্জের কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করেছে।
আজ কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটিতে পরিচালিত মোবাইল কোর্টে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন শিশুখাদ্যের উপাদান তালিকায় চিনি উল্লেখ থাকলেও বাস্তবে অ্যাসপারটেম ব্যবহার করা হচ্ছিল। অথচ কারখানায় চিনির মজুত বা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, পণ্যের উপাদান তালিকায় বিটা-ক্যারোটিনের উল্লেখ থাকলেও উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল বস্ত্রের রং।
এ ছাড়া, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদ যথাযথভাবে উল্লেখ করা হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উপকরণের উৎস শনাক্তকরণের নথি, রাসায়নিক উপাদানের নিরাপত্তা তথ্যপত্র (এমএসডিএস ও সিওএ) এবং বিশ্লেষণ সনদও প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি, অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযানে ঢাকার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন