প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে। এই বাজেট রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে অতিরিক্ত কর আরোপ না করে প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। উল্লেখযোগ্যভাবে, এই বাজেট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের পর এটি নাসিকের ১৫তম বাজেট।
নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, নাগরিকদের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। বাজেটে নতুন নতুন রাজস্ব আয়ের উৎস সৃষ্টি করে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা হবে।
তিনি আরও বলেন, এই বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর নাগরিক সেবা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা, ২০২৪-২৫ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ছিল ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন