প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে, বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে একটি বায়োপিক নির্মাণ হবে। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকবে জসমিত কে রিন এবং প্রযোজনার দায়িত্বে থাকবেন সঞ্জয়লীলা বানসালি। বিভিন্ন সময় মধুবালার চরিত্রে একাধিক অভিনেত্রীর নাম শোনা গেছে।
তবে, দীর্ঘদিন ধরে সিনেমাটির কাজ শুরু না হওয়ায় নানা ধরনের জল্পনা সৃষ্টি হয়েছিল। অবশেষে জানা গেছে যে, আগামী সেপ্টেম্বরেই উক্ত বহুল প্রতীক্ষিত সিনেমার শুটিং শুরু হতে পারে।
বর্তমানে সঞ্জয়লীলা বানসালি তার নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। মিড ডে’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সিনেমাটির একটি গানের শুটিং এখনো বাকি রয়েছে। সেই গানের দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে আগামী সপ্তাহে গোরেগাঁওয়ের রয়্যাল পামস প্রাসাদে।
ওই গানের শুটিং শেষে বানসালির প্রযোজনা দল মধুবালার বায়োপিকের সেট নির্মাণের কাজে হাত দেবে বলেও জানা গেছে। একই লোকেশনেই সিনেমাটির সেট তৈরি করা হবে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সব প্রস্তুতি সম্পন্ন করে নির্মাতারা সেপ্টেম্বরেই শুটিং শুরু করবেন।
এদিকে, সিনেমাটিতে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে অভিনয় করবেন সারা অর্জুন। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। জানা গেছে, মধুবালার চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন এই অভিনেত্রী।
সূত্রের ভাষ্য অনুযায়ী, সারা মধুবালার আচরণ, ব্যক্তিগত জীবন, অভিনয়শৈলী ও ব্যক্তিত্ব নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছেন। চরিত্রটির নানা দিককে আত্মস্থ করার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অন্যদিকে, সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতারা মধুবালার জীবনের বিভিন্ন অজানা ও গুরুত্বপূর্ণ দিক এই বায়োপিকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চান।
সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজও শেষের পথে। সিনেমাটিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। বলিউডের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন