প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রমজান উপলক্ষে জানুয়ারির শুরুতেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সরাসরি খেজুর আমদানির বিষয়ে আলোচনা করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির মন্তব্য করেন, "ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।"
আলজেরিয়ার রাষ্ট্রদূত বৈঠকে জানান, আলজেরিয়ায় বর্তমানে খেজুরের ভরা মৌসুম চলছে। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। তিনি বলেন, "প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে।" এছাড়া, একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে খেজুরের চালান পৌঁছানো সম্ভব হবে।
বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ দেশটির সঙ্গে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত বাণিজ্যমন্ত্রীর সামনে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন। তিনি আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
বাণিজ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, মেলায় সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন