প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল বিমানবন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্যাবল চুরিতে বাধা দেওয়ার কারণে এক আনসার সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বিমানবন্দরের ভেতরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করার সময় আনসার সদস্য মিঠু হালদার বাধা দেন। এই সময় অভিযুক্ত রুহুল আমিন ঘাস কাটার কাঁচি দিয়ে মিঠু হালদারকে কুপিয়ে আহত করেন। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তাকর্মীরা রুহুল আমিনকে আটক করেন। আহত মিঠু হালদারকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়; পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এর আগে গত ১ নভেম্বর বিমানবন্দরের রানওয়ের ভেতরে ড্রেনের ওপর বসানো লোহার রডের জালি চুরির চেষ্টা করা হয়। সে সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ ট্রলিসহ একজনকে আটক করে, তবে জড়িত থাকার অভিযোগে আরও দুজন পালিয়ে যায়।
এছাড়া গত আগস্টে বরিশাল বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় (কেপিআই) ঘাস কাটার অনুমতি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়ের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছিল, স্থানীয় কৃষকদের ভেতরে ঢুকে ঘাস কাটার সুযোগ দিয়ে ২ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হতো। যদিও ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, ফ্লাইট না থাকার সময়ে স্থানীয় কৃষকদের অনুরোধে কয়েকজনকে ঘাস কাটার অনুমতি দেওয়া হয়েছিল; ভবিষ্যতে এমন অনুমতি আর দেওয়া হবে না।
পরপর চুরি ও বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, সীমানাপ্রাচীরের নিচের কিছু অংশ ফাঁকা থাকায় বহিরাগতরা সহজেই ভেতরে প্রবেশ করতে পারছেন, ফলে ঘাসের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল, বৈদ্যুতিক তার ও টেলিফোনের ক্যাবল চুরির ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা ইনচার্জ মনমথ সরকার জানান, সীমানাপ্রাচীরের নিচ দিয়ে অনেক সময় বহিরাগতরা ভেতরে ঢোকেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তিনি দাবি করেন, সামগ্রিক নিরাপত্তাব্যবস্থায় তেমন ঘাটতি নেই। একের পর এক চুরি ও অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তার দুর্বলতা স্পষ্ট হচ্ছে কি না—এমন প্রশ্নে কিছুটা সম্মতি জানান এই কর্মকর্তা।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু অভিযুক্তদের আটক করলেই হবে না; চুরির ঘটনায় কোনো যোগসাজশ, অবহেলা বা তদারকির ঘাটতি আছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বক্তব্য জানতে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়ের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন