প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সুমন হাওলাদার (২৪) নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় আসামিকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় চণ্ডীদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লামিয়া। সুমন হাওলাদারের সঙ্গে শিশুটির পরিবারের প্রতিবেশীসুলভ সম্পর্ক ছিল, কারণ তারা একই গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২৬ জুন বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শিশুটির মা শিউলি আক্তার ইউনিয়ন পরিষদে গেলে লামিয়া বাড়িতে একা ছিল। এ সুযোগে সুমন তাদের বাড়িতে প্রবেশ করে শিশুটির মুখ চেপে ধরে এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় তার মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সুমন খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে তাকে খাটের নিচ থেকে বের হয়ে আসতে বললে সে দ্রুত পালিয়ে যায়। পরদিন শিশুটির মা শিউলি আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে সুমন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা রাকিব হোসেন।
আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।
এ বিষয়ে নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার দায়ে সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন