প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট কমানোর লক্ষ্যে সরকার প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে, দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে। সোমবার জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, "সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়ন এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য।" তিনি আরও বলেন, "প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে।" অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি জানান, সরকার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
চিকিৎসক নিয়োগের প্রসঙ্গে তিনি জানান, ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
নার্স সংকট নিরসনের জন্য ৮২৮টি সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এক হাজার ৫৬৬টি পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে। পাশাপাশি ৫৫৮ জন মিডওয়াইফ নিয়োগের সুপারিশ করা হয়েছে, যাদের পুলিশ ভেরিফিকেশন চলছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসংক্রান্ত প্রকল্পের ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।
তিনি আরও বলেন, নতুন হাসপাতালের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রাখা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন