প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের ৫৬টি উদ্ভাবনী প্রকল্প থেকে ১১টি প্রকল্প জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় আয়োজক কমিটির আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক মোহাম্মদ ইকবাল, সিলেট বিভাগীয় আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবু নাছের, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথির বক্তব্যে বলেন, "গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ ছাড়া প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।" তিনি তরুণ শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "তাদের উদ্ভাবনী শক্তির পৃষ্ঠপোষকতা না দিলে সময়ের সঙ্গে বাংলাদেশ পিছিয়ে পড়বে।"
মন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের নিয়ে বঙ্গোপসাগরে ‘হিজবুল বাহার’ জাহাজে ভ্রমণের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ও সম্ভাবনার বোধ জাগিয়ে তোলা।
গবেষণায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো গবেষণা ও উন্নয়ন খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশও দেশটির জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত। তাই বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরো বেশি সম্পৃক্ত হতে হবে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "কোনো শিক্ষার্থী তার উদ্ভাবন বাণিজ্যিকভাবে বাস্তবায়নের জন্য উপযুক্ত পৃষ্ঠপোষক না পেলে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন।" তাদের উদ্যোগ এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, "প্রতিষ্ঠালগ্ন থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের মেধাবী তরুণদের বিকাশে কাজ করছে।" তিনি জানান, ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ’ আয়োজনের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করা এবং তাদের গবেষণার উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। তিনি আশা প্রকাশ করেন, "আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতে বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।"
দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী ও মূল্যায়ন শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন