প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝখানে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রথমে ছেলে ও পরে মেয়েসন্তানের জন্ম দেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনেরা জানিয়েছেন, মা ও দুই নবজাতক সুস্থ রয়েছে।
ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, ওই নারী স্বামীকে সঙ্গে নিয়ে দুর্গম চরাঞ্চল থেকে গাইবান্ধা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে নৌকার মধ্যে তার তীব্র প্রসববেদনা শুরু হয়। এ সময় নৌকায় থাকা নারী যাত্রীরা তাকে সহযোগিতা করেন। পরে নৌকাতেই তিনি যমজ সন্তানের জন্ম দেন। চিকিৎসা শেষে মা ও নবজাতকদের বাড়িতে নেওয়া হয়েছে।
ফুলছড়ি সদর ইউনিয়নের শাহিন মিয়া জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে নৌকাটি যাত্রা শুরু করে। ব্রহ্মপুত্র নদ পেরিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে ওই নারীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। এ সময় নারী যাত্রীরা তাকে ঘিরে রাখেন। একপর্যায়ে নৌকাতেই তিনি যমজ সন্তানের জন্ম দেন।
যমজ সন্তান পেয়ে খুশি ওই নারীর স্বামী মনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, স্ত্রীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর জন্য গাইবান্ধায় নিয়ে যাচ্ছিলেন তারা। পথে নৌকায় হঠাৎ তার স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তারা দুশ্চিন্তায় পড়ে যান। পরে নৌকায় থাকা নারী যাত্রী ও অন্যদের সহযোগিতায় তার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। সৃষ্টিকর্তার রহমতে মা ও দুই সন্তান ভালো আছে।
চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ আরো বলেন, দুর্গম চরাঞ্চল থেকে প্রসূতি নারী কিংবা অসুস্থ ব্যক্তিদের উপজেলা বা জেলা সদরে নিয়ে চিকিৎসা করাতে হয়। কারণ, চরাঞ্চলে প্রসূতিসেবা, সন্তান প্রসব কিংবা অন্যান্য চিকিৎসা নেওয়ার পর্যাপ্ত সুযোগ নেই। গত সপ্তাহেও এক প্রসূতি নৌকায় সন্তান জন্ম দিয়েছেন। তবে এভাবে নৌকায় সন্তান জন্ম দেওয়া কোনোভাবেই নিরাপদ বা সহজ বিষয় নয়।
চর গবেষক আফতাব হোসেন বলেন, চরাঞ্চলে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা পাওয়া কতটা কঠিন, ব্রহ্মপুত্রের মাঝনদীতে সন্তান জন্ম দেওয়ার ঘটনা তার উদাহরণ। এমন ঘটনা প্রায়ই ঘটে, যদিও দু-একটি ঘটনা জানা যায়। চরাঞ্চলের সুবিধাজনক স্থানে প্রসূতি নারীদের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে তিনি স্বাস্থ্য বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন